Saudi Arab Allows Selling Alcohol: ভাঙছে সৌদি রক্ষণশীলতা, এবার সরাসরি মদ বিক্রিতে অনুমতি দিল সরকার

Saudi Arab Allows Selling Alcohol: ভাঙছে সৌদি রক্ষণশীলতা, এবার সরাসরি মদ বিক্রিতে অনুমতি দিল সরকার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশে মদ বিক্রিতে অনুমতি দিল সৌদি আরব সরকার। তবে ওই মদ বিক্রি করা যাবে একমাত্র অমুসলিম বিদেশি বসতি এলাকায়। এর ফলে এতদিন মদ বিক্রির উপরে যে নিষেধাজ্ঞা সৌদি সরকার জারি করে রেখেছিল তা খানিকটা শিথিল করে দিল। সৌদি সরকারের ফরমান অনুযায়ী, আপনি যদি অমুসলিম হন তাহলে রাজধানী রিয়াধে দেশের একমাত্র মদের দোকান থেকে মদ কিনে পান করতে পারেন।

মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে অ্য়ালকোহল নিষিদ্ধ। কিন্তু সময় যত এগোচ্ছে ততই মধ্যপ্রাচ্যে বিদেশি পর্যটক ও চাকরি করতে আসা মানুষের ভিড় বাড়ছে। ফলে চাহিদা বাড়ছে পাব কিংবা ক্লাবের। বিশেষত বিদেশিদের কাছে। অনেকটা সেদিকে তাকিয়েই মদ নিয়ে তাদের বিধিনিষেধ আলগা করল সৌদি সরকার। সৌদি শাসক এমবিএস-এর আমলে বহু কঠোর নিয়ম নীতি থেকে সরে আসছে সৌদি সরকার। সম্প্রতি সৌদি মেয়েদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছে। অনেকে বলছেন, মদ বিক্রিতে অনুমতি দেওয়া সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’-র একটি অংশ।

মদ কেনায় অনুমতি দেওয়া হলেও তার জন্য যে শর্ত দেওয়া হয়েছে তা জানলে চোখ কপালে উঠবে। মদের দোকনে গেলে বিদেশি নাগরিকদের তাদের আয়ের সার্টিফিকেট দেখাতে হবে। বর্তমানে মোটামুটি একটি চাকরিতে বেতন দেওয়া হয় ভারতীয় মূদ্রায় ২,৪৭,৩৩৬ টাকা। এখন ওই ইনকাম সার্টিফিকেট দেখে মদের দোকান ঠিক করবে মদ দেওয়া যাবে কিনা।

উল্লেখ্য,  ৭০ বছর পর ২০২৪ সালে রিয়াধের ডিপ্লমেটিক এলাকায় প্রথম মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়। মদ কেনার অনুমতি দেওয়া হয় একমাত্র কূটনীতিক, বিশেষ বিশেষ উদ্যাগপতি ও শিল্পপতিদের। তার পর বিদেশি কূটনীতিকরা বিদেশে থেকে সিলপ্যাকে মদ নিয়ে আসতেন।

১৯৫২ সালে কিং আব্দুল আজিজের ছেলে মত্ত অবস্থায় এক ব্রিটিশ কূটনীতিককে গুলি করে মেরে ফেলেন। তার পর থেকেই সৌদিতে মদ বিক্রি নিষিদ্ধ করে দেওয়া হয়।  তার পর থেকে এত বছর পর সেই নীতি থেকে একশো আশি ডিগ্রি ঘুরে গেল সৌদি সরকার।

গত বছর মদের দোকান উদ্বোধনের পর, কূটনীতিকদের একটি মোবাইল অ্যাপের মাধ্যমে স্লট বুক করতে বলা হয়েছিল।  তার পরেই তাঁরা সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি ক্লিয়ারেন্স কোড এবং একটি মাসিক মদ কেনার কোটা পেতেন।  কিন্তু এখন থেকে উচ্চবিত্তি অমুসলিম অভিবাসীরাও মদ কেনার সুযোগ পাবেন। রায়াধ ছাড়াও জেদ্দা এবং দাহরানেও নতুন মদের দোকান খোলা হবে। এই উদ্যোগের মাধ্যমে দেশটি পর্যটক এবং আন্তর্জাতিক ব্যবসা আকর্ষণ করার জন্য বিধিনিষেধ শিথিল করার সর্বশেষ উদ্যোগ নিল।

(Feed Source: zeenews.com)