
ফেসবুক পোস্টে শুভশ্রীর দাবি, তাঁর পাশাপাশি তাঁর দুই সন্তানকেও নিশানা করেছেন ট্রোলাররা। তাঁর কাছে প্রমাণ আছে বলেও দাবি করেছেন তিনি। আর মা হিসেবে যে এই বিষয়টা তিনি কোনওভাবেই মেনে নেবেন না, তাও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন নিজের পোস্টে। ট্রোলারদের উদ্দেশে অভিনেত্রী এও বলেছেন যে, যাঁরা তাঁকে ট্রোল করছেন করুন, কিন্তু তাঁর সন্তানরা এই গোটা বিষয়ের সঙ্গে কোনওভাবেই যুক্ত নয়। তাঁদের যেন কেউ নিশানা না করেন। গত শনিবার ১৩ ডিসেম্বর যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানে যে চূড়ান্ত অব্যবস্থা, চরম বিশৃঙ্খলা দেখা গিয়েছে তার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন শুভশ্রীও। প্রিয় ফুটবল তারকাকে একটিবার দেখতে না পাওয়ার যে দুঃখে, সেই ব্যাপারে মেসি-ভক্তদের পাশে সমব্যথী হয়ে দাঁড়িয়েওছেন তিনি। তবে তাঁর সন্তানদের ট্রোলিং যে একেবারেই বরদাস্ত করবেন না, সেই কথাও সাফ জানিয়ে দিয়েছেন।
সোশ্যাল মিডিয়ার ওই পোস্টে শুভশ্রী দাবি করেছেন, তাঁকে শনিবারের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই জন্য সকালে তিনি গিয়েছিলেন সেই হোটেলে, যেখানে মেসি ছিলেন। তাঁর সঙ্গে সাক্ষাৎ হয় মেসির। এরপর ছবি তোলেন তিনি। শুভশ্রীর দাবি, এরপর ওখানকার পিআর টিম থেকে তাঁকে যুবভারতীতে যাওয়ার কথা বলা হয়। অভিনেত্রীর দাবি, কেন তাঁকে সেদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল, কেনই বা মাঠে যেতে বলা হয়েছিল, সেটা যাঁরা ডেকেছেন বা বলেছেন তাঁরাই ভাল বলতে পারবেন। এর পাশাপাশি এই পোস্টে শুভশ্রীকে বারবার এও বলতে শোনা গিয়েছে যে, তিনি মাঠে ছিলেন, কিন্তু লিওনেল মেসিকে ঘিরে দাঁড়িয়ে ছবি তো তিনি তোলেননি। ফুটবল তারকাকে ঘিরেও থাকেকনি। শুভশ্রী বলেন, ‘কেউ বলতে পারবেন আমি কারও ভিশন ব্লক করেছি? কেউ দেখাতে পারবেন? আমিই মাঠে থেকে মেসিকে দেখতে পাচ্ছিলাম না।’
(Feed Source: abplive.com)
