Newly wed Death: ট্রেনে বসেই তুমুল ঝগড়া! তারপর চলন্ত ট্রেনে থেকেই নবদম্পতির মরণঝাঁপ? ভাইরাল VDO…

Newly wed Death: ট্রেনে বসেই তুমুল ঝগড়া! তারপর চলন্ত ট্রেনে থেকেই নবদম্পতির মরণঝাঁপ? ভাইরাল VDO…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাত্র দু’মাস আগে বিয়ে হয়েছিল। ট্রেনে চেপে দম্পতি যাচ্ছিলেন এক আত্মীয়ের বাড়ি। কিন্তু সেই সফর মুহূর্তেই পালটে গেল এক ভয়ংকর দুঃস্বপ্নে। চলন্ত ট্রেন থেকে পড়ে যান দম্পতি। কিন্তু এই ঘটনার মোড় পালটে দেয়, যখন দুর্ঘটনার আগে দম্পতির একটি ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

সেখানে দেখা যাচ্ছে, দম্পতির মধ্যে তুমুল ঝগড়া হচ্ছে। স্বামী নিজের স্ত্রীকে মানানোর চেষ্টা করছেন। তারপর কী এমন হল? কীভাবে তাঁরা ট্রেন থেকে পড়ে গেলেন? নাকি কেউ কাউকে ঠেলে দিয়ে, নিজেও ঝাঁপ দেন? নাকি দুজনেই একসঙ্গে ঝাঁপ দেন? দম্পতির মৃত্যু কি কেবল দুর্ঘটনা নাকি তারা আত্মহত্যা করেছেন। উঠছে একাধিক প্রশ্ন। এই নিয়ে রহস্যের মেঘ ঘনিয়েছে। ঘটনাটি ১৮ ডিসেম্বর, বৃহস্পতিবারে। তেলঙ্গানার যাদাদ্রি ভবানাগিরি জেলায় ভাঙ্গাপল্লি–আলোর রেলওয়ে লাইনে চলন্ত ট্রেন থেকে পড়ে দম্পতি মারা যায়। মৃত স্বামী করদা সিমহাচালাম(২৫), এবং স্ত্রী ভবানি (১৯)। তাঁরা পারভতিপুরাম মানিয়ম জেলার গারুগুবিলি মণ্ডলের রাভুপল্লি গ্রামের বাসিন্দা ছিলেন। দম্পতি প্রায় দুই মাস আগেই বিয়ে করেন। রেলওয়ে পুলিসের তথ্য অনুযায়ী, দম্পতি সেকেন্দ্রাবাদ থেকে মচিলিপত্তনম এক্সপ্রেসে চড়েছিলেন এবং আত্মীয়দের সঙ্গে দেখা করার জন্য বিজয়ওয়াড়া যাচ্ছিলেন।

প্রাথমিক পুলিস তদন্তে জানা যায়, ট্রেন ভাঙ্গাপল্লি রেলওয়ে স্টেশন পার হওয়ার পর, দম্পতি কোচের দরজার কাছে দাঁড়িয়েছিলেন এবং দুর্ঘটনাক্রমে চলন্ত ট্রেন থেকে পড়ে যান। শুক্রবার সকালে রেলওয়ে ট্র্যাক মেরামতকারী কর্মীরা মৃতদেহগুলি ট্র্যাকের পাশে দেখে কর্তৃপক্ষকে জানায়। পরে মৃতদেহ পোস্টমর্টেমের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে, ঘটনা ঘিরে পরিস্থিতি নাটকীয় রূপ নেয় যখন একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিয়োটি ট্রেনের ভিতরে রেকর্ড করা হয়েছে বলে জানা গিয়েছে এবং সেখানে দম্পতিকে ঝগড়া করতে দেখা যায়। ভিডিয়োতে তাদের মধ্যে উত্তেজনা এবং মানসিক চাপ স্পষ্ট, যা ঘটনার আগে দুঃখজনক মুহূর্তের ইঙ্গিত দেয়।  ভিডিয়োটি সত্যি কিনা এবং কখন তোলা হয়েছে, তা পুলিস যাচাই করছে। পুলিস জানিয়েছে, শুধু সোশ্যাল মিডিয়ার ভিডিয়ো দেখে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, করদা হায়দরাবাদে একটি কেমিক্যাল কোম্পানিতে কাজ করতেন এবং স্ত্রীকে নিয়ে জগদগিরিগুট্টার গান্ধীনগর এলাকায় থাকতেন। রেলওয়ে পুলিস মামলা করেছে এবং পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

(Feed Source: zeenews.com)