)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৯ ডিসেম্বরের ‘ফ্রাইডে নাইট’ নিছকই আর পাঁচটা শুক্রবারের রাত ছিল না। জুড়েছিল রান-রেকর্ড-সিরিজ জয়ের ককটেল। মাঠে ও মাঠের বাইরে খবরে শুধুই ভারতের স্টার অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya And Mahieka Sharma)। মাঠে হাফ-সেঞ্চুরি করে চুমু উড়িয়ে আর তারপর রাতে গাড়ি চালিয়ে…
রাতের রাজা হার্দিক
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হার্দিক দুর্দান্ত ফর্মে ছিলেন। ১৬ বলেই অর্ধ-শতক হাঁকিয়ে চমকে দিয়েছিলেন। আর এরপরই আবেগের বাঁধ ভেঙে যায় তাঁর। ক্যামেরা স্ট্যান্ডে ঘুরতেই দেখা যায়, বসে খেলা দেখছেন হার্দিকের গার্লফ্রেন্ড মাহিকা শর্মা। প্রিয়তমাকে মাঠ থেকেই ফ্লাইং কিস দেন হার্দিক। খেলার শেষে গভীর রাতে হার্দিক বেরিয়ে ছিলেন মাহিকাকে নিয়ে লং ড্রাইভে। গভীর রাতের অন্ধকার, পাশে বিশেষ মানুষ! আর কে আটকায় হার্দিককে। গান চালিয়ে নাচতে নাচতেই গাড়ি চালাচ্ছিলেন তিনি। বোঝাই যাচ্ছিল যে, হার্দিক রীতিমতো মজায় আছেন। হার্দিকের ভিডিয়ো তুলেছেন মাহিকা। আর তা এখন নেটপাড়ায় ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে।
আমদাবাদে দুরন্ত হার্দিক
আমদাবাদে ভারত-দক্ষিণ আফ্রিকার পঞ্চম তথা সিরিজ নির্ণায়ক ম্যাচে, হার্দিক ২৫ বলের ৬৩ রানের মারকাটারি ইনিংস খেলেছিলেন। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে দ্বিতীয় দ্রুততম ভারতীয় হিসেবে এই হাফ-সেঞ্চুরি করেন এইচপি। সেই ম্যাচ ভারত ৩০ রানে জেতে। সঙ্গে সিরিজ পকেটে পুরে ফেলে ৩-১-এ।
হার্দিক-নাতাশা
নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে চার বছরের সম্পর্ক ভেঙেছে হার্দিকের। তবে তিনি কিন্তু এখন আর সিঙ্গল নন। হার্দিকের জীবনে নতুন বসন্ত এনে দিয়েছেন ভারতের মডেল-অভিনেত্রী-নেটপ্রভাবী। ২৪ বছরের ‘মিস টিন নর্থইস্ট’ এখন চুটিয়ে প্রেম করছেন হার্দিকের সঙ্গে। হার্দিক-মাহিকা সুযোগ পেলেই দেশে হোক বা বিদেশে সময় কাটাতে বেরিয়ে পড়েন।
হার্দিক মানেই রং
নাতাশা অতীত হতেই হার্দিকের সঙ্গে টিভি ব্যক্তিত্ব জেসমিন ওয়ালিয়া তো কখনও অভিনেত্রী অনন্যা পাণ্ডের নাম জুড়েছে। হার্দিক বরাবরই চরম ফ্ল্যামবয়েন্ট! এলি আব্রাম, এষা গুপ্তা, ঊর্বশী রাউতেলা, লিশা শর্মার মতো তাবড় মডেল ও অভিনেত্রীদের সঙ্গেও ডেট করেছেন তিনি। তবে এখন মাহিকাতেই আপাতত মন বসেছে তাঁর… আছেনও বেশ। মেজাজেই, নতুন ছন্দে, নতুন আনন্দে লিখছেন জীবন…
(Feed Source: zeenews.com)
