
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশে সংবাদমাধ্যমের ওপর একের পর এক হামলা এবং সাংবাদিকদের প্রাণের ঝুঁকি এক ভয়াবহ রূপ নিচ্ছে। ‘প্রথম আলো’ ও ‘দ্য ডেইলি স্টার’ দফতরে হামলার রেশ কাটতে না কাটতেই এবার সন্ত্রাসবাদীদের নিশানায় প্রথম সারির সংবাদমাধ্যম গ্লোবাল টিভি (Global TV)। প্রতিষ্ঠানটির নিউজ হেড তথা বিশিষ্ট সাংবাদিক নাজনীন মুন্নিকে (Nazneen Munni) পদ থেকে সরানোর দাবি তুলে অফিস জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছে একদল যুবক।
গত ২১শে ডিসেম্বর ২০২৫, নিজেদের ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ সদস্য দাবি করে একদল যুবক ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত গ্লোবাল টিভির প্রধান কার্যালয়ে চড়াও হয়। প্রত্যক্ষদর্শী ও চ্যানেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সেই সময় নাজনীন মুন্নি অফিসে উপস্থিত ছিলেন না।আন্দোলনকারীরা চ্যানেলের ম্যানেজিং ডিরেক্টর আহমেদ হোসেনের সঙ্গে দেখা করে স্পষ্ট জানিয়ে দেয় যে, অবিলম্বে নাজনীন মুন্নিকে বরখাস্ত করতে হবে।
বিক্ষোভকারীরা সাফ জানায়, দাবি পূরণ না হলে ‘প্রথম আলো’ বা ‘দ্যা ডেইলি স্টার’ অফিসের মতো গ্লোবাল টিভির অফিসও পুড়িয়ে দেওয়া হবে। নাজনীন মুন্নির বিরুদ্ধে আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগ তুলেছে বিক্ষোভকারীরা। উসমান হাদির মৃত্যু সংক্রান্ত খবর পরিবেশনে চ্যানেলটি পক্ষপাতিত্ব করেছে বলেও তাদের দাবি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান সভাপতি রিফাত রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, সংগঠনের এক সদস্য স্মারকলিপি দিতে সেখানে গিয়েছিল। অন্যদিকে, নাজনীন মুন্নি সামাজিক মাধ্যমে এই প্রাণনাশের হুমকির বিষয়টি প্রকাশ্যে এনেছেন।
নাজনীন মুন্নি বাংলাদেশের সাংবাদিকতা জগতের এক পরিচিত মুখ। বর্তমানে গ্লোবাল টিভির নিউজ হেড হিসেবে কর্মরত থাকলেও এর আগে তিনি DBC নিউজ-এর অ্যাসাইনমেন্ট এডিটর হিসেবে কাজ করেছেন। সামাজিক মাধ্যমে তাঁর উপস্থিতি বেশ শক্তিশালী। উল্লেখযোগ্যভাবে, ২০২৪-এর রাজনৈতিক পটপরিবর্তনের আগে তিনি শেখ হাসিনা সরকারের বিভিন্ন নীতির কড়া সমালোচক হিসেবেও মুখর ছিলেন।
বাংলাদেশে সাম্প্রতিক হিন্দু নিধন এবং রাজনৈতিক অস্থিরতার মাঝে সাংবাদিকদের এভাবে টার্গেট করা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। নিরপেক্ষ সাংবাদিকতা যেখানে হুমকির মুখে, সেখানে নাজনীন মুন্নির মতো একজন সিনিয়র সাংবাদিকের নিরাপত্তা নিয়ে উঠছে বড় প্রশ্ন।
(Feed Source: zeenews.com)
