Death Of TV: বন্ধ হয়ে যাচ্ছে আপনার চেনা টেলিভিশন! বোকাবাক্স বলে আর ভ্যাঙাবেন কাকে? ৪ কোটি মানুষ…

Death Of TV: বন্ধ হয়ে যাচ্ছে আপনার চেনা টেলিভিশন! বোকাবাক্স বলে আর ভ্যাঙাবেন কাকে? ৪ কোটি মানুষ…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল: একসময় টিভি ছিল স্ট্যাটাস সিম্বল। পাড়ায় বা এলাকায় যাঁর বাড়িতে টিভি থাকত, তাঁকে উঁচু নজরে দেখতেন সকলে। কিন্তু ডিজিটাল যুগের সেই টিভির সুদিন কি ফুরোচ্ছে? কমছে দর্শকসংখ্যা। এমনকী, গোটা দেশে যখন বিজ্ঞাপনের বাজার বাড়ছে, তখন গত  দু’ বছরে টিভিতে বিজ্ঞাপনের আয়ও নিম্নমুখী। গত ৬ বছরে দেশে পেইড-টিভি-র গ্রাহক কমেছে প্রায় ৪ কোটি।

আগে ছিল রেডিও, তারপর এল টিভি। এরপর কয়েক দশকজুড়ে টিভি(টিভি চ্যানেল) ছিল সাধারণ মানুষের বিনোদনের প্রধান মাধ্যম। শহর হোক কিংবা গ্রাম, টিভির আধিপত্য ছিল সর্বত্রই। ডিজিটাল যুগে কিন্তু সেই ছবিটা এবার বদলাচ্ছে। প্রথাগত টিভি চ্যানেলে জায়গা দখল করে নিচ্ছে স্মার্ট টিভি বা ফ্রি ডিশ টিভির মতো ডিজিটাল মাধ্যমগুলি। অর্থাত্‍ এখন আর কেউ পয়সা খরচ করে টিভি বা চ্যানেল দেখতে চাইছেন না।

টিভি থেকে মুখ ফেরাচ্ছেন দর্শকরা

তথ্য বলছে, চলতি বছরে মার্চে সারা দেশের টিভির দর্শক ছিল ৭০,৫ কোটি। সেপ্টেম্বরেই যা কমে দাঁড়িয়েছে  ৬৮.৯ কোটিতে। উল্টোদিকে ভারতের এখন  ‘ডিজিটাল-অনলি’ দর্শকের সংখ্যা ৩১.৩ কোটি। অর্থাত্‍ বয়স ১৫ বছরের বেশি, এমন জনসংখ্যার ২৬ শতাংশ। ইন্টারনেট ব্যবহার করে, কিন্তু টিভি দেখেন না। গত বছরে এই শ্রেণির দর্শক বেড়েছে ৩০ শতাংশ। সবচেয়ে আশ্চর্যের হল, এই ডিজিটাল দর্শকের প্রতি ৪ জনের মধ্যে ৩ জনই গ্রামে বাসিন্দা!

কমছে পেইড-টিভি সাবস্ক্রিপশন

এই গোটা প্রক্রিয়ায় সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে পেইড-টিভি বা টাকার বিনিময়ে দেখা যায়, এমন চ্যানেলগুলি। ২০১৬ সালে যেখানে দেশে  ১৫.১ কোটি বাড়িতে পেইড-টিভি ছিল, সেখানে ২০২৪ সালে সংখ্যাটা কমে দাঁড়িয়েছে  ১১.১ কোটিতে। বিশেষজ্ঞদের মতে, যাঁদের টাকা আছে, তাঁরা ওটিটি (OTT) প্ল্যাটফর্মে চলে যাচ্ছেন। আবার টাকা বাঁচাতে ‘ডিডি ফ্রি ডিশ’র (DD Free Dish) দিকে ঝুঁকছে সাধারণ মধ্যবিত্তরা।

বিজ্ঞাপন ও আয়ের চিত্র 

ডিজিটাল যুগের বিজ্ঞাপনে কার্যত বিপ্লব ঘটে গিয়েছে। এতটাই বদল এসেছে যে, বিজ্ঞাপন থেকে আয়ে টিভিকে পিছনে ফেলে দিয়েছে ডিজিটাল মিডিয়া। টিভি নয়, বরং ডিজিটাল প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিতে বেশি আগ্রহ দেখাচ্ছে কোম্পানিগুলি। কারণ, ডিজিটাল মাধ্যমে কতজন বিজ্ঞাপন দেখছেন? কতজনই-বা পণ্য় কিনছেন? তা নিখুঁত হিসেব পাওয়া যায়। যা টিভিতে বিজ্ঞাপনের ক্ষেত্রে পাওয়া যায় না।

প্রভাব পড়েছে কর্মসংস্থানেও। ২০১৮ থেকে ২০২৫ সালের মধ্যে ক্যাবল টিভি ডিস্ট্রিবিউশন সেক্টরে কাজ হারিয়েছেন প্রায় ৫.৭ লক্ষ মানুষ। অলাভজনক চ্যানেলগুলো বন্ধ করে দিচ্ছে  বড় বড় চ্যানেল নেটওয়ার্কগুলোও। তাহলে কি টিভি হারিয়ে যাবে? ব্যাপারটি কিন্তু তেমন নয়। বিশেষজ্ঞরা বলছেন, এটি পরিবর্তনের প্রক্রিয়া। রও প্রথাগত টিভি চ্যানেলের জনপ্রিয়তা কমলেও, বড়পর্দার চাহিদা কিন্তু বাড়ছে। প্রতিবছর স্মার্ট টিভি এবং ফ্রি টিভির দর্শক সংখ্যা ১-১.৫% হারে বাড়ছে। ইংরেজি বা হিন্দির চ্যানেলের থেকে আঞ্চলিক ভাষার চ্যানেলগুলো দর্শক ধরে রাখতে বেশি সফল হচ্ছে।

(Feed Source: zeenews.com)