
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২৬ বছর বয়সে জীবন গড়ার স্বপ্ন নিয়ে ইউরোপ থেকে দেশে ফিরেছিলেন নিষ্কপ। ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করে নতুন কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্নের পথ হঠাৎই থেমে গেল বেঙ্গালুরুতে এক মর্মান্তিক ঘটনায়।
পুলিস সূত্রে জানা গেছে, নিষ্কপ গত কয়েক দিন ধরে হাসারঘাট্টার গৌড়ীয় মঠে থাকছিলেন। বুধবার তিনি তাঁর বাবা–মা কিশোর ও জয়শ্রীর সঙ্গে দেখা করতে যান। তাঁদের বাড়ি বেঙ্গালুরুর শেট্টিহাল্লির প্রিন্স টাউন অ্যাপার্টমেন্টসে। সেদিনই ঘটে যায় ভয়াবহ ঘটনা। ১৬ তলা ফ্ল্যাট থেকে পড়ে যান নিষ্কপ। মুহূর্তের মধ্যেই নিভে যায় একটি তরুণ জীবন। খবর পেয়ে বাগালাগুন্টে থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে মামলা দায়ের করে। পুলিস জানিয়েছে, ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। নিষ্কপের বাবা জানিয়েছেন, তাঁর ছেলে কয়েক বছর ধরে স্কিজোফ্রেনিয়ায় ভুগছিলেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।
এক ঝলকে সব শেষ—স্বপ্ন, ভবিষ্যৎ আর সম্ভাবনার এক তরুণ অধ্যায় এভাবেই করুণ পরিণতির মধ্যে দিয়ে থেমে গেল।
কী এই স্কিজোফ্রেনিয়া?
স্কিজোফ্রেনিয়া হল একটি গুরুতর মানসিক রোগ, যেখানে মানুষের ভাবনা, অনুভূতি ও বাস্তবতা বোঝার ক্ষমতা মারাত্মকভাবে প্রভাবিত হয়। সহজ করে বললে, এই রোগে আক্রান্ত ব্যক্তি অনেক সময় যা বাস্তবে নেই, সেটাকেও সত্য বলে মনে করে।
স্কিজোফ্রেনিয়ার সাধারণ লক্ষণ:
ভ্রম বা ভুল বিশ্বাস: কেউ তাকে ক্ষতি করতে চায়- এমন দৃঢ় বিশ্বাস। হ্যালুসিনেশন: কণ্ঠস্বর শোনা বা জিনিস দেখা, যা আসলে নেই। এছাড়াও অসংলগ্ন কথা বা আচরণ, বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, একাকী হয়ে পড়া, মানুষের সঙ্গে মিশতে অনীহা, আবেগ কমে যাওয়া বা অনুভূতি প্রকাশে সমস্যা।
(Feed Source: zeenews.com)
