
সান নিউজ ডেস্ক: ঈদের ঠিক আগের রাতে মহাসড়কে সিরাজগঞ্জের চান্দাইকোনা অংশে ভয়াবহ যানজট তৈরি হয়েছে। এর ফলে ঈদযাত্রায় হাজারো যানবাহনের লাখো ঘরমুখো মানুষ যানজটে আটকা পড়েছেন
শনিবার (৯ জুলাই) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে হাটিকুমরুল গোলচত্বর হয়ে চান্দাইকোনা পর্যন্ত এমন চিত্র দেখা গেছে। সিরাজগঞ্জে চান্দাইকোনার মহাসড়কের এই অংশে কোরবানি পশুর হাট বসায় যানজটের সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এরআগে দীর্ঘ ২২ ঘণ্টা পর যানজটমুক্ত হয় সিরাজগঞ্জের মহাসড়ক। শুক্রবার (৮ জুলাই) দুপুর ২টা থেকে মহাসড়কের সিরাজগঞ্জ অংশ বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়। বেলা গড়ার সঙ্গে সঙ্গে যানজট আরও তীব্র হয়। ২২ ঘণ্টা পর শনিবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শনিবার রাতে সরেজমিন দেখা যায়, দীর্ঘসময় যানজটে আটকে থেকে গরমে বিরক্ত হয়ে অনেকেই যানবাহন থেকে নেমে সড়কের পাশে বসে আছেন। আবার কেউ কেউ হাঁটাহাঁটি করছেন।
সিরাজগঞ্জের মহাসড়কে সয়দাবাদ এলাকায় যাত্রী হাসান আব্দুল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘বিকেল ৫টা থেকে সয়দাবাদ এলাকায় জ্যামে আটকে আছি। গাড়িতে বসে থেকে গরম সইতে না পেরে গাড়ি থেকে নেমে একটু হাঁটাহাঁটি করছি।’
এছাড়া কড্ডার মোড় এলাকায় আরেক যাত্রী ইউসুফ আব্দুল্লাহ বলেন, ‘সেতুর পশ্চিম পাড় থেকে কড্ডার মোড় আসতে সময় লেগেছে ৩ ঘণ্টা। এতক্ষণ গাড়ি থেমে এই পর্যন্ত এসেছে। এখন গাড়ি একদম বন্ধ করে রেখেছে। সামনের যে পরিস্থিতি তাতে মনে হয় না যে আজ বাড়ি পৌঁছাতে পারবো।’
বিষয়টি নিশ্চিত করে জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক সালেকুজ্জামান খাঁন সালেক জানান, মহাসড়কের হাটিকুমরুল এলাকায় কোরবানি পশুর হাট বসায় ও ঈদের আগের দিন হওয়ার কারণে যানবাহনের চাপ বেড়েছে। বিকেল থেকে প্রায় ২২ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসন আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি কিছু সময়ের মধ্য এটি নিয়ন্ত্রণে আনতে পারবো।
সান নিউজ/কেএমএল
