)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইন্ডিয়ান প্রিমিয়র লিগ (Indian Premier League) এবং ঘরোয়া ক্রিকেটে তিনি রীতিমতো পরিচিত মুখ। সবাই এক ডাকে চেনে কর্ণাটকের স্পিনার কোনগান্ডা চারামান্না কারিয়াপ্পা (Konganda Charamanna Cariappa) ওরফে কেসি কারিয়াপ্পাকে। ৩১ বছর বয়সী ক্রিকেটার সোম সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় আবেগি পোস্ট করে অবসরের ঘোষণা করলেন। একদিন রাস্তায় ক্রিকেট খেলতেন, তারপর বাকিটা ইতিহাস। নিজের বাইশ গজের যাত্রাকেই তুলে ধরেছেন বিদায়ী বিবৃতিতে।
কেসি কারিয়াপ্পা লিখেছেন
‘রাস্তার ক্রিকেট থেকে শুরু। সেখান থেকে স্টেডিয়ামের আলোয় গর্বের সঙ্গে জার্সি পরা। আমি সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছি যা একসময় শুধু কল্পনাই করতাম।’ কারিয়াপ্পা লিখেছেন, ‘দেখুন আজ আমি আনুষ্ঠানিক ভাবে বিসিসিআই ক্রিকেট থেকে আমার অবসরের ঘোষণা করছি। ক্রিকেটের যাত্রা আমাকে সবকিছু দিয়েছে। এমন জয় যা আমাকে হাসিয়েছে, এমন পরাজয় যা আমাকে ভেঙে দিয়েছে এবং এমন শিক্ষা যা আমাকে গড়ে তুলেছে।’ বিদায়ী বার্তায় কারিয়াপ্পা তাঁর কেরিয়ারকে লালন করার জন্য কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের পাশাপাশি জীবনের এক গুরুত্বপূর্ণ সময়ে পাশে থাকার জন্য মিজোরাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কারিয়াপ্পা লিখেছেন, ‘আমাকে গড়ে তোলার জন্য, পথ দেখানোর জন্য এবং যখন সবচেয়ে বেশি প্রয়োজনের সময়ে আমার উপর বিশ্বাস রাখার জন্য আমি কেএসসিএ-এর কাছে গভীর কৃতজ্ঞ। এবং মিজোরাম ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ আমাকে বিশ্বাস করার জন্য এবং পরিবারের মতো সমর্থন করার জন্য।’
কারিয়াপ্পার আইপিএল কেরিয়ার
কারিয়াপ্পার আইপিএল কেরিয়ার শুরু ২০১৫ সালে। কলকাতা নাইট রাইডার্স তাকে ২.৪ কোটি টাকায় দলে নিয়েছিল। যদিও সেই সময়ে তাঁর কোনও সিনিয়র স্তরের ঘরোয়া খেলার অভিজ্ঞতা ছিল না। কর্ণাটক প্রিমিয়ার লিগে কারিয়াপ্পার পারফরম্যান্স আইপিএল স্কাউটদের দৃষ্টি আকর্ষণ করে এবং তাঁকে এক মিস্ট্রি স্পিনার হিসেবে পরিচিতি দেয়। তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে আইপিএলে অভিষেক করেন এবং এবি ডি ভিলিয়ার্সকে আউট করে নিজের আগমনী বার্তা দেন। তবে কারিয়াপ্পার সুযোগ সীমিত ছিল এবং প্রথম মেয়াদের পর তাঁকে ছেড়ে দেয় কেকেআর। কারিয়াপ্পা ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলেছিলেন। ২০১৯ সালে ফের কেকেআর-এ ফিরে আসেন এবং ২০২১ থেকে ২০২২ সালে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন। ১১টি আইপিএল ম্যাচে কারিয়াপ্পা ৯.৬৬ ইকোনমি রেটে ৮টি উইকেট নিয়েছেন।
কারিয়াপ্পার ঘরোয়া কেরিয়ার
ঘরোয়া ক্রিকেটে কারিয়াপ্পা ১৪টি প্রথম-শ্রেণির ম্যাচ খেলেছেন এবং ২৩.২০-এর চিত্তাকর্ষক গড়ে ৭৫ উইকেট নিয়েছেন, যার মধ্যে পাঁচটি পাঁচ-উইকেট শিকারও রয়েছে এবং দুই ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তিও রয়েছে। তিনি ২০টি লিস্ট এ ম্যাচে ২৪ উইকেটও নিয়েছেন এবং টি-টোয়েন্টি কেরিয়ার শেষ করেছেন ২৪.৬২ গড় ও ৬.৬০ ইকোনমি রেটে ৫৮ উইকেট নিয়ে। ব্যাট হাতে তিনি সব ফরম্যাট মিলিয়ে ১০০০-এর বেশি রান করেছেন। গ্রিপ পরিবর্তন না করেই গুগলি, ক্যারাম বল এবং অফ-স্পিন-সহ বিভিন্ন ধরনের বল করার দক্ষতার জন্য পরিচিত কারিয়াপ্পা। একজন বহুমুখী স্পিনার হিসেবেই নিজের বিশেষ স্থান তৈরি করে নিয়েছিলেন। কারিয়াপ্পা ভারতীয় ক্রিকেটের সঙ্গেই সম্পর্ক ছিন্ন করেছেন। তাহলে কি তিনি আগামী দিনে বিদেশে যাবেন? এই সাসপেন্স কিন্তু জিইয়ে রাখলেন…
(Feed Source: zeenews.com)
