Mumbai Ahmedabad bullet Train: কবে চালু হবে মুম্বই-আমদাবাদ বুলেট ট্রেন, জানিয়ে দিলেন রেলমন্ত্রী

Mumbai Ahmedabad bullet Train: কবে চালু হবে মুম্বই-আমদাবাদ বুলেট ট্রেন, জানিয়ে দিলেন রেলমন্ত্রী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুম্বই-আমদাবাদ বুলেট ট্রেন ছুটবে কবে? এনিয়ে প্রচুর জল্পনা রয়েছে। তবে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়ে দিয়েছেন, ভারতের প্রথম বুলেট ট্রেন পরিষেবা ১৫ আগস্ট, ২০২৭ থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি মোট ৫টি ধাপে চালু করা হবে।

ভারতের বুলেট ট্রেন জাপানের বিখ্যাত ‘শিনকানসেন’ প্রযুক্তিতে তৈরি। এই প্রযুক্তি তার নিরাপত্তা, নিখুঁত ইঞ্জিনিয়ারিং এবং ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থার জন্য পরিচিত।

বুলেট ট্রেন চালু হলে মুম্বাই এবং আহমেদাবাদের মধ্যে যাতায়াতের সময় অনেক কমে যাবে, যা দুই শহরের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে। তবে  বড় বিষয় হল এটির ভাড়া। তা যে খুব কম হবে না তা বলাই বাহুল্য।

রেলমন্ত্রী জানিয়েছেন, ২০২৭ সালের ১৫ আগস্ট বুলেট ট্রেন পরিষেবার জন্য প্রস্তুত হয়ে যাবে। এটি ধাপে ধাপে চালু করা হবে। শুরুতেই সুরাত  থেকে বিলিমোরা পর্যন্ত অংশটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। দ্বিতীয় ধাপে ভাপি থেকে সুরাত পর্যন্ত পরিষেবা শুরু হবে। তৃতীয় ধাপে ভাপি থেকে আহমেদাবাদ পর্যন্ত ট্রেন চলবে। চতুর্থ ধাপে থানে থেকে আহমেদাবাদ পর্যন্ত সংযোগ চালু হবে। পঞ্চম ধাপে পুরো রুট অর্থাৎ মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত সম্পূর্ণ পরিষেবা শুরু হয়ে যাবে।

মুম্বাই-আহমেদাবাদ বুলেট ট্রেন রুটটি প্রায় ৫০৮ কিলোমিটার দীর্ঘ। এটি মুমবাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্স (BKC) থেকে আহমেদাবাদের সবরমতী পর্যন্ত সংযোগ স্থাপন করবে। ট্রেনটি মহারাষ্ট্র, গুজরাট এবং কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি-র ওপর দিয়ে যাবে।

জাপানি প্রযুক্তিতে তৈরি এই ট্রেনটি ঘণ্টায় ৩২০ কিলোমিটার গতিতে ছুটবে, যার ফলে মুম্বাই-আহমেদাবাদ যাতায়াত হবে মাত্র ২ ঘণ্টার ব্যাপার। পথে থানে, সুরাট ও ভাদোদরার মতো ১২টি গুরুত্বপূর্ণ স্টেশনে ট্রেনটি থামবে।

গোটা লাস্তার দূরত্ব ৫০৮ কিলোমিটার। এর মধ্যে ৩৫২ কিলোমিটার পড়ছে গুজরাট এবং দাদরা ও নগর হাভেলি এলাকায়। বাকি ১৫৬ কিলোমিটার রাস্তা মহারাষ্ট্রে। স্টেশন তৈরি, ডিপো এবং ট্র্যাক বা রেললাইন বসানোর কাজ বর্তমানে পুরোদমে চলছে।

(Feed Source: zeenews.com)