Ankush Hazra Slams Fake Box Office Trends: বক্স অফিসে ভুয়ো ব্যবসার রমরমা? টলিউডের ‘অস্বাস্থ্যকর’ প্রতিযোগিতা নিয়ে বিস্ফোরক অঙ্কুশ!

Ankush Hazra Slams Fake Box Office Trends: বক্স অফিসে ভুয়ো ব্যবসার রমরমা? টলিউডের ‘অস্বাস্থ্যকর’ প্রতিযোগিতা নিয়ে বিস্ফোরক অঙ্কুশ!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ৯ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন অভিনীত ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’। এই ছবির মাধ্যমেই ফের প্রযোজকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন অঙ্কুশ। তবে ছবি মুক্তির আনন্দ ছাপিয়ে এখন অভিনেতার গলায় ক্ষোভ ও আশঙ্কার সুর। টলিউডের বর্তমান বক্স অফিস রাজনীতি এবং নিজের ছবির প্রচার নিয়ে সরাসরি মুখ খুললেন তিনি।.

বক্স অফিসে ‘অস্বাস্থ্যকর’ প্রতিযোগিতা নিয়ে বিস্ফোরক দাবি করেছেন অঙ্কুশ। তাঁর কথায়, অনেক প্রযোজক নিজেরাই টিকিট কেটে প্রেক্ষাগৃহ ভরিয়ে দেখান, যা আদতে এক ধরনের ভাঁওতাবাজি। অঙ্কুশ সাফ জানিয়েছেন, “আমার অর্গ্যানিক অডিয়েন্স প্রয়োজন। টিকিট কেটে হল ভরানোর সামর্থ্য বা ইচ্ছে—কোনোটাই আমার নেই। ‘মির্জা’র বেলাতেও আমি এটা করিনি। যা টাকা ছিল সব এই ছবিতেই লাগিয়ে দিয়েছি।” তাঁর মতে, এ ধরনের ভুয়ো কাজকর্ম তাঁর পক্ষে করা সম্ভব নয়।

ছবি মুক্তির ঠিক আগেই অনভিপ্রেত এক ঘটনার মুখোমুখি হতে হয়েছে অঙ্কুশ-ঐন্দ্রিলাকে। নবীনা প্রেক্ষাগৃহের সামনে লাগানো তাঁদের ছবির ৩০ ফুটের একটি বিশাল কাটআউট কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভেঙে ফেলেছে। এই ঘটনায় ক্ষুব্ধ অভিনেতা চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করেছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভাঙা কাটআউটের ছবি দিয়ে তিনি লেখেন, “মানুষ মানুষের ক্ষতি করে কী আনন্দ পায় কে জানে!”

ছবিটি ২৩ জানুয়ারি অর্থাৎ সরস্বতী পুজোর সময় মুক্তি পাওয়ার কথা থাকলেও তা এগিয়ে আনা হয়েছে। অঙ্কুশ জানান, অন্য ছবির সঙ্গে অযথা ‘মারামারি’ বা প্রতিযোগিতায় জড়াতে চান না বলেই এই সিদ্ধান্ত। নতুন প্রযোজকদের টিকিয়ে রাখতে দর্শকদের হলে এসে ছবি দেখার জন্য হাতজোড় করে অনুরোধ জানিয়েছেন টলিউডের এই অভিনেতা।

(Feed Source: zeenews.com)