একটিও ভোট নষ্ট করা যাবে না! দিল্লিতে দলীয় সাংসদদের শাহি ক্লাস নেবে বিজেপি

একটিও ভোট নষ্ট করা যাবে না! দিল্লিতে দলীয় সাংসদদের শাহি ক্লাস নেবে বিজেপি

#নয়াদিল্লি : ‘শাহি-ক্লাসে’ দিল্লিতে তলব বিজেপি’র সাংসদদের। রাষ্ট্রপতি নির্বাচন ১৮ জুলাই। সেদিনই শুরু হবে সংসদের বাদল অধিবেশন। তার ঠিক দু’দিন আগেই দিল্লিতে তলব করা হয়েছে সারাদেশের বিজেপি সাংসদদের‌।

কিন্তু, কেন এই জরুরি তলব ? সূত্রের খবর, আগামিকাল, রবিবার এনডিএ শিবিরের শরিক রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আলোচ্য বিষয় রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচনের খুঁটিনাটি নিয়ে দলের সাংসদদের প্রশিক্ষণ দিতে চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা।

এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে কীভাবে ভোট দেবেন, বিজেপি সাংসদদের হাতে-কলমে শেখাবেন অমিত শাহ ও জেপি নাড্ডা। এই জন্য বিজেপি’র ৩০৩ জন সাংসদকে দিল্লি তলব করা হয়েছে। ১৬ ও ১৭ জুলাই দিল্লিতে দু’দিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে। যেখানে বিজেপি সাংসদদের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান প্রক্রিয়া হাতেকলমে শেখানো হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি-র কেন্দ্রীয় সভাপতি এই প্রশিক্ষণ শিবির পরিচালনার দায়িত্ব রয়েছেন। বিজেপি শীর্ষ নেতৃত্ব চাইছে, দ্রৌপদী মুর্মুর জয় নিশ্চিত করতে দলীয় সাংসদদের একটিও ভোট যাতে নষ্ট না হয়। অতীতে ভোট দানের ক্ষেত্রে ত্রুটি থাকায় বহু ভোট বাতিল হওয়ার নজির রয়েছে। এবার যাতে তেমন কোনও ঘটনা না ঘটে সেই কারণেই দলীয় সাংসদদের রীতিমতো ক্লাস নিতে চাইছেন অমিত শাহ এবং জেপি নাড্ডা।

এদিকে, পশ্চিমবঙ্গ থেকে বিজেপি’র ১৬ জন সাংসদকে দিল্লি পৌঁছে যেতে বলা হয়েছে। অন্যদিকে, শনিবার কলকাতায় বিজেপি বিধায়কদের সঙ্গে সাক্ষাতের কর্মসূচি ছিল দ্রৌপদীর। কিন্তু, জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুর কারণে তা বাতিল হয়ে যায়। আগামী ১২ জুলাই কলকাতায় বিজেপি বিধায়কদের সঙ্গে সাক্ষাৎ করতে আসতে পারেন দ্রৌপদী মুর্মু।

বিজেপি শীর্ষ নেতৃত্ব চাইছে কোনও ভোট যাতে নষ্ট না হয় সেই ব্যবস্থা করতে। তাই সারা দেশ থেকে বিজেপির ৩০৩ জন সাংসদকে দিল্লিতে ডেকে পাঠিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। ১৬-১৭ তারিখ জুড়ে প্রশিক্ষণ শিবির হবে। ১৭ জুলাই দলীয় সাংসদদের নৈশভোজে আমন্ত্রণ জানাতে পারেন জেপি নাড্ডা।

Published by:Debamoy Ghosh

(Source: news18.com)