Republic Day Parade: ২৬-এ ১৪০ জন পুরুষ সেনার সামনে দাঁড়িয়ে লিড করবেন ছাব্বিশের এই যুবতী! কে এই মেয়ে?

Republic Day Parade: ২৬-এ ১৪০ জন পুরুষ সেনার সামনে দাঁড়িয়ে লিড করবেন ছাব্বিশের এই যুবতী! কে এই মেয়ে?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নারী সর্বদা পুরুষে নির্ভর নয়। বরং নারীর আলোয় আলোকিত হয় পুরুষ। ৭৬ তম প্রজাতন্ত্র দিবসে দিল্লির কর্তব্য পথে সেই ইতিহাস-ই লেখা হবে। যখন ১৪০ জন পুরুষ সেনার সামনে দাঁড়িয়ে কুচকাওয়াজে লিড করবেন ছাব্বিশের যুবতী সিমরান বালা। সেন্ট্রাল রিজার্ভ পুলিস ফোর্সের (CRPF) অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সিমরন বালা প্রথম মহিলা অফিসার হিসেবে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সম্পূর্ণ পুরুষ সদস্যদের নিয়ে তৈরি একটি CRPF কন্টিনজেন্টের নেতৃত্ব দেবেন।

কে এই সিমরান বালা?

সিমরান বালা জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার সীমান্ত শহর নৌশেরার বাসিন্দা। সীমান্তরক্ষী ও নিরাপত্তা বাহিনীর জওয়ানদের দেখেই তাঁর বড় হয়ে ওঠা। রাজৌরি জেলা থেকে তিনিই প্রথম মহিলা অফিসার যিনি CRPF-এ যোগ দিয়েছেন। সেই মেয়েই এবার ইতিহাস তৈরি করবে দিল্লির রাজপথে। প্রথম চেষ্টাতেই UPSC CAPF পরীক্ষায় আসে সাফল্য। ২০২৩ সালে UPSC সেন্ট্রাল আর্মড পুলিস ফোর্সেস (CAPF) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে CRPF-এ যোগ দেন সিমরান। তাঁর অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ছিল ৮২। সেই বছর জম্মু ও কাশ্মীর থেকে একমাত্র মহিলা প্রার্থী হিসেবে তিনি-ই একমাত্র এই পরীক্ষায় সফল হন। প্রশিক্ষণের শুরু থেকেই তাঁর মধ্যে শৃঙ্খলা ও দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা ছিল লক্ষ্য করার মতো।

যোগ্যতা আর নেতৃত্বগুণেই সিমরানকে নির্বাচন

কয়েক সপ্তাহের কঠোর মহড়ার মধ্য দিয়ে অফিসারদের ভঙ্গি, সময়ানুবর্তিতা, কমান্ড দেওয়ার স্বচ্ছতা ও নেতৃত্বদানের ক্ষমতা প্রভৃতি প্রতিদিন বিচারের মধ্যে দিয়েই প্রজাতন্ত্র দিবসের কন্টিনজেন্টের নেতৃত্ব কে দেবেন তা ঠিক করা হয়। সেই পরীক্ষায় সিমরান বালা সসম্মানে উত্তীর্ণ হন। তাঁর নিখুঁত ড্রিল, স্পষ্ট কমান্ড, শান্ত অথচ দৃঢ় নেতৃত্ব সিনিয়রদের প্রশংসা অর্জন করে।

অসংখ্য তরুণ-তরুণীর অনুপ্রেরণ সিমরান

স্বাভাবিকভাবেই সিমরান যখন কর্তব্য পথে একটি পুরুষ কন্টিনজেন্টের নেতৃত্ব দেবে, তা নারীশক্তির নতুন ইতিহাস লিখবে। যেখানে লিঙ্গবৈষম্য নিয়ে কোনও বক্তৃতা বা কোনও আলাদা ঘোষণা থাকবে না। বরং সিমরানের নেতৃত্বদানের সেই দৃশ্য-ই বদলে যাওয়া বাস্তবের কথা বলবে। জম্মু-কাশ্মীরের প্রত্যন্ত সীমান্ত জেলার এক তরুণী অফিসার যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়ে জাতীয় মঞ্চে নেতৃত্ব দিচ্ছেন, সিমরানের এই সাফল্য আজ তাঁর নিজের রাজ্যের অসংখ্য তরুণ-তরুণীর জন্য নিঃসন্দেহে এক অনুপ্রেরণা।

(Feed Source: zeenews.com)