)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সারা দেশ জেনে গিয়েছে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের (Deputy CM Ajit Pawar) বিমান দুর্ঘটনায় মৃত্যু (Ajit Pawar Dies in Plane Crash) ঘটেছে। এর জেরে সরকারি ছুটি ও ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষিত হল মহারাষ্ট্রে (Maharashtra declares public holiday 3-day mourning)। জাতীয় পতাকা থাকবে অর্ধনমিত। এবং বন্ধ থাকবে সব রকমের বিনোদনমূলক অনুষ্ঠান।
১ দিনের ছুটি, ৩ দিনের শোক
মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী এবং এনসিপি (NCP) নেতা অজিত পওয়ার আজ, বুধবার (২৮ জানুয়ারি) সকালে পুণের বারামতিতে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ঘটনায় শোক প্রকাশ করে মহারাষ্ট্র সরকার রাজ্যে একদিনের সরকারি ছুটি এবং তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
অভিশপ্ত লিয়ারজেটে
অজিত পওয়ার লিয়ারজেট-৪৫ নামের এক চার্টার্ড বিমানে মুম্বই থেকে বারামতিতে যাচ্ছিলেন। সকাল পৌনে ৯টা নাগাদ বারামতি বিমানবন্দরের কাছে অবতরণের সময়ে তাঁর বিমানটি ভেঙে পড়ে এবং তাতে আগুন ধরে যায়। বিমানে অজিত পওয়ার ছাড়াও আরও চারজন ছিলেন (দুজন ক্রু সদস্য এবং দুজন কর্মী)। দুর্ঘটনায় বিমানে থাকা পাঁচজনেরই মৃত্যু হয়েছে বলে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA) নিশ্চিত করে।
শেষ ছবি
এর মধ্যেই সামনে এসেছে অজিতের শেষ ছবি। একটি স্টিল ফ্রেমে দেখা যাচ্ছে, পাশাপাশি দুজন। সাদা পোশাকে অজিত পওয়ার। তাঁর পাশেই তাঁর নিরাপত্তারক্ষী। দুজনের মুখেই কোনও উদ্বেগ নেই। অজিতের মুখ ঘোরানো। তবে লেন্সের দিকে মুখ ফেরানো তাঁর নিরাপত্তারক্ষীর। ইনি ভিদীপ দিলীপ যাদব। অজিতের খুবই বিশ্বস্ত বডিগার্ড। তিনিও মারা গিয়েছেন তাঁর নেতার সঙ্গেই।
শোকপ্রকাশ
মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ঘোষণা করেছেন, শ্রদ্ধার নিদর্শন হিসেবে আজ, ২৮ জানুয়ারি রাজ্যে সরকারি ছুটি থাকবে এবং আগামী তিন দিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এই সময়ে সমস্ত সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং কোনো সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান হবে না।
শোকের ছায়া রাজনৈতিক মহলে
অজিত পওয়ারের এই আকস্মিক প্রয়াণে ভারতের রাজনৈতিক মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ দেশের শীর্ষ নেতারা এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। দেশের সাধারণ মানুষও শোকার্ত।

ভয়াল দুর্ঘটনার মিছিলে
বিভিন্ন সময়ে ঘটা ভয়াল সব বিমান দুর্ঘটনা ভারতের রাজনীতি-সমাজ-সংস্কৃতি-বিজ্ঞানের ক্ষেত্রে কম ক্ষতি করেনি। বিভিন্ন ক্ষেত্রের কত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যে মারা গিয়েছেন, ইয়ত্তা নেই! দশকের পর দশক ধরে জাতির স্মৃতিতে সেসব দগদগে ঘা হয়ে আছে। সবচেয়ে সাম্প্রতিক ঘটনাটি ঘটল আজ, ২৮ জানুয়ারি, বুধবার। বিমান দুর্ঘটনায় মৃত্যু হল মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের। বুধসকালে মহারাষ্ট্রের বারামতীতে অবতরণের সময়ে তাঁর প্রাইভেট চার্টার্ড বিমানটি ভেঙে পড়ে। বারামতীতে জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন অজিত পওয়ার। সেখানে অবতরণের সময়ই দুর্ঘটনা ঘটে। জরুরি অবতরণ করার চেষ্টা করা হচ্ছিল বিমানটির, তখনই পাহাড়ি এলাকায় আছড়ে পড়ে বিমানটি, আর তাতে আগুন ধরে যায়! আর এই ঘটনার পরই পরপর অনেকগুলি মুখ দেশের মানুষের মনে পড়ে যাচ্ছে, যাঁরা অতীতে বিমানদুর্ঘটনায় মারা গিয়েছেন।
(Feed Source: zeenews.com)
