)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীপু চন্দ্র দাস, মনি চক্রবর্তী, খোকন দাস, অমৃত মণ্ডল, বিজেন্দ্র বিশ্বাসের পর এবার সুসেন চন্দ্র সরকার(৬২)। বাংলাদেশে ফের এক হিন্দু খুন। বৃহস্পতিবার বাংলাদেশে সাধারণ নির্বাচন। তার আগে আতঙ্ক ছড়াল দেশের সংখ্যালঘু মহলে। সোমবার রাতে ময়মনসিংহে নিজের দোকানেই সুসেনকে ছুরি মেরে কুপিয়ে খুন করা হয়।
ময়ময়নসিংহের ত্রিশাল উপজেলায় ‘মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামে একটি চালের দোকান ছিল। সেখানেই দোকান বন্ধ করার সময়ে রাত এগারোটা নাগাদ সুসেনকে কুপিয়ে খুন করা হয়। পুলিসের দাবি, সুসেন সরকার তাঁর দোকানের ভেতরে ছিলেন। তখন কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী ধারাল অস্ত্র নিয়ে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। তাঁকে হত্যা করার পর,হামলাকারীরা দোকানের শাটার নামিয়ে দিয়ে পালিয়ে যায়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে এবং তাদের গ্রেফতারের জন্য পুলিস তদন্ত শুরু হয়েছে। এই খুনের পেছনের আসল কারণ এখনও জানা যায়নি। তবে কর্মকর্তারা জানিয়েছেন,সম্ভাব্য সব দিক খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে।
পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর শাটার খুলে সুসেনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে সুজন সরকার বলেন,আমাদের চালের ব্যবসা দীর্ঘদিনের। আমাদের সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না। বাবাকে নির্মমভাবে হত্যার পর দোকান থেকে কয়েক লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গত কয়েক মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর বেশ কিছু গণপিটুনির ঘটনা ঘটেছে, যার সূত্রপাত হয়েছিল ভারত-বিরোধী কট্টরপন্থী ছাত্রনেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর পর। গত ১৮ ডিসেম্বর,দীপু চন্দ্র দাস নামে এক পোশাক শ্রমিককে ধর্ম অবমাননার অভিযোগে জনতা পিটিয়ে হত্যা করে এবং পরে তাঁর শরীরে আগুন ধরিয়ে দেয়।
দীপু চন্দ্র দাসের খুনের কয়েক দিন পর, রাজবাড়ী জেলায় চাঁদাবাজির অভিযোগে অমৃত মন্ডল নামে এক ব্যক্তিকে জনতা পিটিয়ে হত্যা করে, যাকে পুলিশ একজন দুর্ধর্ষ অপরাধী হিসেবে বর্ণনা করেছে। হিংসা এখানেই থেমে থাকেনি। গত বছর কালীগঞ্জে লিটন চন্দ্র দাস নামে এক হিন্দু ব্যবসায়ী গণপিটুনিতে নিহত হন। অন্য আরেকটি ঘটনায়, পাম্প থেকে টাকা না দিয়ে পালিয়ে যাওয়া একটি গাড়িকে বাধা দিতে গিয়ে রিফন সাহা নামে এক জ্বালানি তেল কেন্দ্রের কর্মী পিষ্ট হয়ে মারা যান।
(Feed Source: zeenews.com)
