
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বন্ধ হচ্ছে বন্দে ভারত! চমকে উঠলেন তো? ভাবছেন বুঝি, গাঁজাখুরি! না, সত্যিই বন্ধ হচ্ছে বন্দে ভারত! রেল সূত্রে এমনটাই জানা গিয়েছে! রেল সূত্রে খবর, বন্ধ হচ্ছে ২টি বন্দে ভারত রুট।
ভারতীয় রেল বুধবার দুটি বন্দে ভারত রুট বন্ধ করার ঘোষণা করেছে। সেইসঙ্গে রাজস্থান ও গুজরাটকে যুক্ত করে নতুন বন্দে ভারত ট্রেন পরিষেবা চালুর কথাও জানানো হয়েছে। নতুন ঘোষিত এই পরিষেবা সপ্তাহে ৬ দিন উদয়পুর ও আমদাবাদের আসারভা স্টেশনের মধ্যে চলবে। হাওড়া থেকে গুয়াহাটি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রথম বন্দে ভারত স্লিপার উদ্বোধন করার কয়েক দিনের মধ্যেই এল বন্দে ভারত নিয়ে এই নয়া ঘোষণা।
২০১৯ সালে চালু হয় সেমি হাই-স্পিড ট্রেন বন্দে ভারত। চালু হওয়ার পর থেকে এই হাই-স্পিড প্রিমিয়াম যাত্রীবাহী ট্রেনের বহর দ্রুত বেড়েছে। ২০২৫-এর ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ১৬০টিরও বেশি বন্দে ভারত ট্রেন চালু রয়েছে। এমনকি রেল মন্ত্রক সূত্রে খবর, ভারতীয় রেলওয়ে ২০৩০ সালের মধ্যে ৮০০টি এবং ২০৪৭ সালের মধ্যে ৪,৫০০টি ট্রেন চালুর লক্ষ্য নিয়েছে।
সম্প্রতি রেল মন্ত্রকের এক আপডেটে বলা হয়েছে,“বন্দে ভারত ৪.০ হচ্ছে এই প্ল্যাটফর্মের পরবর্তী প্রজন্মের মডেল। যা পারফরম্যান্স, যাত্রী স্বাচ্ছন্দ্য এবং সামগ্রিক নির্মাণ পরিকাঠামোর দিক দিয়ে বিশ্বমানের হবে। উন্নত আসন ব্যবস্থা, উন্নত টয়লেট সুবিধা, কোচে সূক্ষ্ম কারিগরি প্রযুক্তি এবং উন্নত অভ্যন্তরীণ সাজসজ্জা থাকবে। পাশাপাশি এতে সংযুক্ত থাকবে কবচ ৫.০। যা কিনা ভারতের নিজস্ব স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থার পরবর্তী সংস্করণ। ১৮ মাসের মধ্যে বন্দে ভারত ৪.০ ট্র্যাকে আসার সম্ভাবনা রয়েছে।”
নতুন বন্দে ভারত ট্রেন চালু
রেল মন্ত্রকের নোটিস অনুযায়ী, ট্রেন নম্বর ২৬৯৬৩/২৬৯৬৪ শিগগিরই উদয়পুর ও আমদাবাদের আসারভার মধ্যে যাতায়াত শুরু করবে। আসারভা আমদাবাদ শহরের একটি গুরুত্বপূর্ণ জংশন। মঙ্গলবার ছাড়া সপ্তাহে ৬ দিন চলবে এই ট্রেন। স্টপেজ থাকবে জাওয়ার, ডুংগারপুর এবং হিম্মতনগরে।
দুটি বন্দে ভারত ট্রেন বন্ধ
তবে রেল মন্ত্রক উদয়পুরকে জয়পুর ও আগ্রা ক্যান্ট স্টেশনের সঙ্গে যুক্ত করে এমন দুটি বন্দে ভারত ট্রেন পরিষেবা বন্ধ করার কথাও জানিয়েছে। যদিও সরকারি ঘোষণায় পরিষেবা বন্ধের নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। বন্ধ হয়ে যাবে ২০৯৭৯/২০৯৮০ – উদয়পুর–জয়পুর বন্দে ভারত এক্সপ্রেস এবং ২০৯৮১/২০৯৮২ – উদয়পুর–আগ্রা ক্যান্ট বন্দে ভারত এক্সপ্রেস।
(Feed Source: zeenews.com)
