Muhammad Yunus: তারেক প্রধানমন্ত্রী হলেই ছুট্টি! সন্ন্যাস নেবেন? না কি উলটে অনেক বড় দায়িত্বই পাচ্ছেন ইউনূস…

Muhammad Yunus: তারেক প্রধানমন্ত্রী হলেই ছুট্টি! সন্ন্যাস নেবেন? না কি উলটে অনেক বড় দায়িত্বই পাচ্ছেন ইউনূস…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বহু প্রতীক্ষিত জাতীয় সাধারণ নির্বাচন শেষ হয়েছে বাংলাদেশে। প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের গদিতে বসছেন বিএনপি প্রধান তারেক রহমান। বিএনপির শাসনে বাংলাদেশ কোন দিকে যাবে, ভারতের সঙ্গে পদ্মপারের প্রতিবেশীর সম্পর্ক কেমন হবে তার উপরে নজর থাকবে ভারতের। পাশাপাশি এবার যে প্রশ্নটা বড় হয়ে উঠছে সেটি হল,সরকার গঠন হয়ে গেলে কী করবেন সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূস? তিনি কি সন্ন্যাস নেবেন? নাকি সরকারেরই কোনও কাজে লতায়পাতায় জড়িয়ে থাকবেন?

প্রধানমন্ত্রী হলে একেবারে বাঘের পিঠ সওয়ারি হবে তারেক রহমান। দেশের মেধাবী মানুষদের একসঙ্গে জড়ো করে দেশকে নতুন দিশা দেখাতে হবে। তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির সংবাদমাধ্যমে বলেন, তারেক রহমান এখনও অধ্যাপক মুহাম্মদ ইউনূস-সহ কারো জন্যই কোনো নির্দিষ্ট পদ ঠিক করেননি। তবে দেশের ভবিষ্যৎ গঠনে তিনি যোগ্য ও দক্ষ ব্যক্তিদের পরামর্শ নিয়ে কাজ করতে চান। তিনি চান দেশের শাসনব্যবস্থায় সবাইকে অন্তর্ভুক্ত করতে।

কবীর আরও বলেন, মেধা, অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যার যা অবদান রয়েছে তা দেশের কাজে লাগানোর অনেক উপায় আছে। নির্বাচনের পর সুবিধাজনক সময়ে তিনি দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে পরামর্শ করতে চান। আর সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই অধ্যাপক ইউনূসের সঙ্গে আলোচনা হওয়াটা একটি স্বাভাবিক বিষয়।

বিশেষজ্ঞরা বলছেন, ইউনূসকে রাষ্ট্রপতি করা হলে তা বাংলাদেশের জন্য ভালোই হবে। দেশে কোনও কোনও মহল তার সমালোচনা করলেও আন্তর্জাতিক মহলে ইউনূসের প্রতি অগাধ সম্মান রয়েছে। বাংলাদেশের আর কোনো ব্যক্তিরই বিশ্বজুড়ে তাঁর মতো এমন পরিচিতি বা প্রভাব নেই। তারেক রহমান ও মহম্মদ ইউনূসের মধ্যে আলোচনায় রাষ্ট্রপতি পদের বিষয়টি উঠেছিল। তবে তারেক রহমানের দল এবং মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব—উভয় পক্ষই এ ধরনের কোনো আলোচনার কথা অস্বীকার করেছেন। হাসিনা সরকারের পতনের পর থেকে দেশ পরিচালনার দায়িত্বে থাকা মুহাম্মদ ইউনূসকে তাঁর যোগ্য কোনো সরকারি বা সাংবিধানিক পদে পুনর্বাসিত করা একটি চ্যালেঞ্জ হতে পারে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কূটনৈতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে বাংলাদেশের স্বার্থ রক্ষার ক্ষেত্রে মুহাম্মদ ইউনূস হতে পারেন তারেক রহমানের জন্য একটি বড় সম্পদ।

মহম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেন, ইউনূসের ভবিষ্যৎ পরিকল্পনা হল তাঁর পুরনো কাজে ফিরে যাওয়া। তিনি স্বাভাবিকভাবেই তাঁর ‘থ্রি জিরো’ (শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ) লক্ষ্যটি সবার মাঝে ছড়িয়ে দিতে চান। তিনি এই লক্ষ্য নিয়ে সারাবিশ্ব ঘুরে বেড়ান এবং কথা বলেন। এছাড়া তিনি কিছু নতুন সামাজিক ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা করছেন। রাজনীতির প্রতি তাঁর আগ্রহ নেই। তিনি মনে করেন, দেশের এক সংকটময় সময়ে তাঁকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তিনি সেটা পালন করেছেন। এখন নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে।

(Feed Source: zeenews.com)