জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বড় ভোটের আগেই আর এক ভোট! রাজ্য়সভার ভোটের কথা বলা হচ্ছে (Rajya Sabha polls)। না, সেটাও খুব গুরুত্বপূর্ণ ভোট। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগেই বইছে রাজ্যসভা ভোটের হাওয়া। মোট ১০টি রাজ্য জুড়ে রাজ্যসভার ৩৭ সিটে ভোট (Biennial polls to 37 Rajya Sabha)। কমিশন জানিয়ে দিল, আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে এই ভোট।
কোথায় কোথায় ভোট
আগামী ১৬ মার্চ রাজ্যসভার ভোট হবে মহারাষ্ট্র, ওডিশা, তেলঙ্গানা, তামিলনাডু, ছত্তীসগঢ়, পশ্চিমবঙ্গ, অসম, হরিয়ানা, হিমাচল প্রদেশ ও বিহারে। দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। এখনও নির্ঘণ্ট ঘোষণা হয়নি। তবে, বাংলায় বিধানসভা নির্বাচনের আগে এই রাজ্যসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। দেশ জুড়ে রাজ্য়সভার ৩৭টি আসনে ভোটের দিনক্ষণ জানাল তারা। ওই ৩৭টি আসনের মধ্যে বাংলা থেকে রাজ্যসভার ৫টি আসনে ভোট হবে।
ভোটের কথা
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ১০টি রাজ্যের রাজ্যসভার ৩৭টি আসনে ভোটের বিজ্ঞপ্তি জারি হবে আগামী ২৬ ফেব্রুয়ারি। এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৫ মার্চ। মনোনয়নপত্রগুলির স্ক্রুটিনি হবে ৬ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী ৯ মার্চ। ভোটগ্রহণ হবে ১৬ মার্চ। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। ওইদিনই বিকেল ৫টায় ভোটগণনা।
বাংলায় রাজ্যসভা
রাজ্যসভায় পশ্চিমবঙ্গ থেকে পাঁচটি আসনে ভোটগ্রহণ হবে। রাজ্যসভার সাংসদ পদে মেয়াদ শেষ হচ্ছে তৃণমূলের সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সীর। আর মৌসম বেনজির নুর তৃণমূল ছাড়ার পরে চলতি বছরের ৫ জানুয়ারি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন। সেই থেকে তাঁর আসনও খালি। বিকাশরঞ্জন ভট্টাচার্যের আসন খালি হচ্ছে। রাজ্য়সভার ভোটে বিধায়করাই শুধু ভোট দেন। রাজ্যসভায় এবার বাংলা থেকে তৃণমূল কাদের পাঠাবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। একইসঙ্গে বিজেপির প্রার্থী কে হবেন, তা নিয়েও বিশ্লেষণ চলছে।
(Feed Source: zeenews.com)
