ভাগ্নের বিয়েতে নাচতে নাচতে মাটিতে লুটিয়ে পড়লেন মামা! তারপর…

ভাগ্নের বিয়েতে নাচতে নাচতে মাটিতে লুটিয়ে পড়লেন মামা! তারপর…
Indore News: ইন্দোরের (Indore) এক বিয়েবাড়িতে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। ভাগ্নের বিয়েতে এসে প্রাণ হারালেন মামা। বুধবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরের খরগাঁও (Khargone) এলাকার এই ঘটনায় শোকস্তব্ধ সকলে। বিয়েবাড়িতে সানাইয়ের সুর এক লহমায় বদলে গেল বিষাদে। সকলে হতভম্ব।

জানা যাচ্ছে, মধ্যপ্রদেশের খরগাঁও জেলার কাসরাওয়াদ (Kasrawad) এলাকার ওঝরা গ্রামে জাঁকজমক করে ভাগ্নের মেহেন্দির (Mehendi) অনুষ্ঠান চলছিল। গানে নাচে সে এক দারুণ পরিবেশ। কিন্তু হঠাৎ কাটল সেই আনন্দ উৎসবের তাল। ভাগ্নের বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতেই মৃত্যু হল বড়ওয়ানি জেলার পিপলুদ গ্রামের বাসিন্দা ঘনশ্যাম যাদবের। ঘটনার আকস্মিকতায় চমকে যান সেখানে উপস্থিত সকলে।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সার্বিক বিবরণ দিতে গিয়ে রীতিমতো শিউরে ওঠেন। জানান, স্ত্রী-র সঙ্গে দারুণ খোশমেজাজে ছিলেন ঘনশ্যাম যাদব। পরনে কুর্তা-পায়জামা, চোখে চশমা – সুন্দর সাজে স্ত্রী-র সঙ্গেই নাচছিলেন তিনি। হঠাৎ পড়ে যান। সেখানে উপস্থিত সকলে প্রথমে ভেবেছিলেন তিনি বোধহয় নাচের স্টেপ হিসেবে মাটিতে শুয়ে পড়েছেন। কিন্তু কয়েক মুহূর্তেই সে ভুল ভেঙে যায়। ঘটনার গুরুত্ব বুঝেই তাঁর দিকে ছুটে যান সকলে। উপস্থিত আত্মীয়স্বজন এবং গ্রামবাসীরা পরিস্থিতি বুঝতে পেরে সিপিআর (CPR) দেওয়ার চেষ্টা করেন। অবস্থার কোনও পরিবর্তন না হওয়ায় তড়িঘড়ি তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু নিয়ে যেতে যেতে মাঝ রাস্তাতেই সব শেষ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আনন্দের পরিবেশে হঠাৎ এমন ঘটনা ঘটে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই। ঘনশ্যাম যাদবের পরিবারের ঘনিষ্ঠরা জানান, তিনি তাঁর ভাগ্নের বিয়ে নিয়ে অত্যন্ত উত্তেজিত ছিলেন। এমনকী বিয়ে মিটে গেলেও কয়েকদিন যাবৎ সেখানেই থাকার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু ভাগ্যের কী পরিহাস! আদরের ভাগ্নের বিয়ের অনুষ্ঠানেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলেন তিনি। জানা যাচ্ছে, ঘনশ্যাম যাদব পেশায় একজন কৃষক ছিলেন। তাঁর পরিচিতের কথায়, সেই সন্ধের অনুষ্ঠানের সময় তিনি যথেষ্ট স্বাভাবিক ছিলেন। পরিবারের সকলের সঙ্গে আনন্দ করছিলেন, স্ত্রী-র সঙ্গে নাচছিলেন। কিন্তু হঠাৎই নাচতে নাচতে লুটিয়ে পড়েন মাটিতে।  কী থেকে কী হয়ে গেল কেউই ঠিক বুঝতে পারছেন না।

বর্তমান সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা খুব বেড়ে গেছে। আর এক্ষেত্রে কোনও বয়সই যেন আর নিরাপদ নয়।

(Feed Source: abplive.com)