
করাচি: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) ভারতের কাছে পরাজয়ের পর ক্রিকেট মাঠে পাকিস্তান বিপাকে । সুপার এইটের টিকিট নিশ্চিত হলেও, পাকিস্তান ক্রিকেট টালমাটাল । এবার পাকিস্তানের হকিতেও বিতর্ক শুরু হয়েছে । পাকিস্তান হকি দলের ক্যাপ্টেন শাকিব আম্মাদ বাট অস্ট্রেলিয়া সফর থেকে ফিরে আসার পর পিএইচএফ (পাকিস্তান হকি সংস্থা)-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন । এই ঘটনাটি আরও গুরুতর রূপ নিয়েছে কারণ পিএইচএফ-এর সভাপতি তারিক বুগতি হঠাৎ করে তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন । তিনি তাঁর পদত্যাগপত্র পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে (Shehbaz Sharif) জমা দিয়েছেন, যিনি পাকিস্তান হকি সংস্থার প্যাট্রন-ইন-চিফও বটে ।
অস্ট্রেলিয়া সফর থেকে ফিরে আসার পর পাকিস্তান হকি দলের ক্যাপ্টেন শাকিব আম্মাদ বাট একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে জানান, কীভাবে খেলোয়াড়দের নিজেদেরই রান্নাঘর পরিষ্কার করতে এবং বাসন মাজতে হয়েছিল । তিনি আরও জানান, যখন দল হোটেলে পৌঁছায়, তখন হোটেল কর্তৃপক্ষ জানায় যে, তাঁদের পেমেন্ট পাওয়া যায়নি । তাই, যতক্ষণ না থাকার ব্যবস্থা হয়, ততক্ষণ খেলোয়াড়দের এভাবেই ঘুরতে হয়েছিল । এছাড়াও, পাক হকি দলকে ১৩-১৪ ঘণ্টা সিডনি বিমানবন্দরে কাটাতে হয়েছিল । যা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় পাকিস্তানে ।
এই সমস্ত অভিযোগের পর তারিক বুগতি পিএইচএফ-এর সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন । তিনি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ছাড়াও সেনা প্রধান আসিম মুনিরের কাছে আবেদন করে বলেছেন, যে অভিযোগগুলি উঠেছে, সেগুলির নিরপেক্ষ তদন্ত করা হোক ।
এফআইএইচ প্রো লিগের অস্ট্রেলীয় লেগ-এ পাকিস্তান দল অস্ট্রেলিয়া এবং জার্মানির বিরুদ্ধে তাদের দুটি ম্যাচেই হেরে যায় । অন্যদিকে, পাকিস্তান স্পোর্টস বোর্ড জানিয়েছে যে তারা অস্ট্রেলিয়ায় থাকা-খাওয়া সহ গোটা দলের জন্য সমস্ত ব্যবস্থাপনার জন্য পাকিস্তান হকি সংস্থাকে ১ কোটি টাকার বেশি অর্থ বরাদ্দ করেছিল । প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই পুরো ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন । সব মিলিয়ে টি-২০ বিশ্বকাপের আবহে একদিকে যখন বাইশ গজে বিপাকে পাকিস্তানের ক্রিকেট দল, তখন পাক হকি দল নিয়েও বিতর্কের ঝড় ।
(Feed Source: abplive.com)
