
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাড়ল ভ্রমণে বিনিয়োগ। রমজান (Ramadan 2026) মাসে সুখবর। সৌদি আরবের (Saudi Arabia) পবিত্র নগরী মদিনায় (Holy City Madinah) ২০২৫ সালে পর্যটন খাতে বার্ষিক ব্যয় ২২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫২ বিলিয়ন সৌদি রিয়ালে পৌঁছেছে। একই সময়ে দর্শনার্থীর সংখ্যা ২ কোটি ১০ লাখ ছাড়িয়েছে। দেশীয় পর্যটন-মানচিত্রে ধর্মীয় গন্তব্য হিসেবে মদিনার ক্রমবর্ধমান গুরুত্বের প্রতিফলনই ধরা পড়ে এই পরিসংখ্যানে।
চাহিদা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে
চাহিদা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে আতিথেয়তা খাতেও ব্যাপক সম্প্রসারণ ঘটেছে। শহরটিতে লাইসেন্সপ্রাপ্ত আতিথেয়তা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে ৬১০-এ দাঁড়িয়েছে, যা ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। লাইসেন্সপ্রাপ্ত ঘরের সংখ্যা ২৪ শতাংশ বেড়ে ৭৬ হাজার ছাড়িয়েছে। পাশাপাশি ভ্রমণ ও পর্যটন সংস্থার সংখ্যা ২৯ শতাংশ বেড়ে ২৪০টির বেশি হয়েছে, যা পর্যটন-সহায়ক পরিষেবাখাতের বিস্তারেরই ইঙ্গিত দেয়।
রমজানে মদিনা
রমজানকে সামনে রেখে পর্যটন খাতকে আরও চাঙ্গা করতে সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল খতিব ‘দ্য স্পিরিট অব রমজান’ শীর্ষক এক পরিদর্শন-প্রকল্পের অংশ হিসেবে মদিনা সফর করেন। এই সফরে জেদ্দা ও মক্কাও অন্তর্ভুক্ত ছিল। তিনি মদিনায় আতিথেয়তার সুযোগসুবিধা ও পরিষেবার প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করেন। রমজান মরসুমে দর্শনার্থীদের পরিষেবার মান যাচাই করেন এবং চলতি ও নতুন পর্যটন প্রকল্পগুলির প্রশংসা করেন।
নজরে বিনিয়োগকারী
আল-খতিব জানান, গত পাঁচ বছরে অসংখ্য আন্তর্জাতিক আতিথেয়তা প্রকল্প ও ব্র্যান্ড মদিনার পর্যটন ও হোটেল পরিসরে প্রবেশ করেছে। এতে শুধু ওই অঞ্চরলে ভ্রমণখাতের বৃদ্ধিই প্রতিফলিত হয়নি, সৌদির প্রতি বিনিয়োগকারীদের আস্থাও দৃঢ় হয়েছে। তিনি বলেন, এখনকার ছবিটা ভিন্ন। বিনিয়োগকারীদের টানতে ও তাঁদের যাত্রা সহজ করতে একটি সুসংহত ব্যবস্থা গড়ে উঠেছে এখানে। যার ভবিষ্যৎ আরও সম্ভাবনাময়।
৩৯ মিলিয়ন সৌদি রিয়াল
এই সফরে আল-খতিব ৩৯ মিলিয়ন সৌদি রিয়ালের বেশি বিনিয়োগে নির্মিত একটি হোটেলের উদ্বোধন করেন। প্রকল্পটি ট্যুরিজম ডেভেলপমেন্ট ফান্ডের অর্থে বাস্তবায়িত হয়েছে। এর লক্ষ্য আন্তর্জাতিক হোটেল ব্র্যান্ড আকর্ষণ এবং দর্শনার্থীদের জন্য পরিষেবার মান আরও উন্নত করা।
(Feed Source: zeenews.com)
