
Nadia News: ভবিষ্যতে শুধু চাকরির ওপর নির্ভর না করে কীভাবে স্বনির্ভর হওয়া যায়, সেই লক্ষ্যেই রানাঘাট কেন্দ্রীয় বিদ্যালয়ের এই সফর। ফুলিয়ার তাঁতশিল্পীদের থেকে বয়ন পদ্ধতি ও ব্যবসার খুঁটিনাটি শিখে পড়াশোনায় নতুন দিগন্ত খুঁজে পেল পড়ুয়ারা।
ফুলিয়ার তাঁত শিল্পীদের কাজ দেখছে রানাঘাট কেন্দ্রীয় বিদ্যালয়ের পড়ুয়ারা
ফুলিয়া, নদিয়া, মৈনাক দেবনাথ: রানাঘাট কেন্দ্রীয় বিদ্যালয়ের উদ্যোগে পশ্চিমবঙ্গের ফুলিয়ার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি (IIHT)-তে অনুষ্ঠিত হল এক বিশেষ শিক্ষামূলক ভ্রমণ। মূলত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে এই শিক্ষা সফরের আয়োজন করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষের জানানো মতে, ছাত্রছাত্রীদের হ্যান্ডলুম শিল্প ও আধুনিক প্রযুক্তির প্রাথমিক ধারণা দেওয়াই ছিল এই ভ্রমণের মূল উদ্দেশ্য।
ফুলিয়া দীর্ঘদিন ধরেই তাঁতশিল্পের জন্য প্রসিদ্ধ। সেই ঐতিহ্য ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সমন্বয় কাছ থেকে দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ছাত্রছাত্রীরা। প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ পরিদর্শনের সময় শিক্ষার্থীদের হাতে-কলমে তাঁত বুননের প্রক্রিয়া, সুতো প্রস্তুতি, ডিজাইনিং এবং আধুনিক যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া হয়। বিশেষজ্ঞ প্রশিক্ষকদের কাছ থেকে তাঁরা জানতে পারে কীভাবে ঐতিহ্যবাহী হ্যান্ডলুম শিল্পের সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এর আগেও ছাত্রছাত্রীদের কৃষি বিশ্ববিদ্যালয়-সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়া হয়েছে। এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরে বাস্তব জগতের অভিজ্ঞতা অর্জনে সহায়তা করছে।
ছাত্রছাত্রীরা জানিয়েছে, নতুন কিছু শেখার আগ্রহ থেকেই তারা এই ভ্রমণে অংশগ্রহণ করেছে এবং প্রত্যেকেই অনেক উপকৃত হয়েছে। ভবিষ্যতে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি প্রতিষ্ঠানে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে স্কুল জীবন শেষের পর উচ্চশিক্ষার ক্ষেত্রে তারা সঠিক বিষয় নির্বাচন করতে আগ্রহী হয়ে ওঠে।
