
Murshidabad Tourism: কয়েক শো বছর আগেই নবগ্রাম ব্লকে এই অমৃতকুণ্ড গ্রামে তৈরি হয় এই সুর্যমন্দির। মানুষ এখানে আসেন দৈনন্দিন পুজো দিতে। সকালে চলে পুজো এবং প্রতি রবিবার হয় বিশেষ পুজো
নবগ্রামের সূর্য মন্দির
নবগ্রাম, তন্ময় মণ্ডল: সামনেই হোলির ছুটি। ভাবছেন এই ছুটিতে কোথায় যাবেন। মুর্শিদাবাদ তো যান অনেকেই! জানেন কি জেলায় আছে সূর্যমন্দির! ঘুরে আসুন একদিনের জন্য মন্দির। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হাতেগোনা মাত্র কয়েকটি সূর্যমন্দির রয়েছে। সূর্যদেবতার মন্দিরে তাঁর মূর্তি রয়েছে এমন মন্দিরের সংখ্যা আরও কম। কয়েক শতাব্দী আগে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের অমৃতকুণ্ড গ্রামে সূর্যদেবতার বিগ্রহ এবং মন্দির প্রতিষ্ঠা হলেও বিস্মৃতির অতলেই থেকে গেছে এই মন্দির। প্রতি বছর মুর্শিদাবাদে হাজারদুয়ারি প্যালেস এবং নবাবদের অন্যান্য নিদর্শন দেখার জন্য হাজার হাজার পর্যটক এলেও তাঁদের বেশিরভাগ, এমনকী জেলার অধিকাংশ মানুষই জানেন না মুর্শিদাবাদে কোথায় রয়েছে সূর্যদেবতার বিগ্রহ এবং তাঁর মন্দির।
মন্দিরের বর্তমান সেবায়েতরা জানাচ্ছেন, স্থানীয় মানুষের সহযোগিতায় বছর তিরিশ আগে তৈরি হয়েছে নতুন করে এই সূর্যমন্দির। যেখানে এখনও সূর্যদেবতার নিত্যসেবা করা হয়। পুরোহিত সুমন বলেন, ‘ সূর্য দেবতার যে মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন, তাঁর মুখের একটু অংশ বহু বছর আগে ভেঙে গিয়েছে। ‘এই মন্দিরে সপ্ত অশ্বচালিত রথের উপর আসীন রয়েছেন সূর্য দেবতা। তাঁর সঙ্গে রথের চালক অরুণকে দেখতে পাওয়া যায়। পাশেই রয়েছে মা মাতঙ্গীর একটি মূর্তি।’ একদিনের জন্য ঘুরে আসুন এই মন্দিরে।
(Feed Source: news18.com)
