Sourav Ganguly biopic: লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়াবেন রাজকুমার! মার্চেই শুরু সৌরভের বায়োপিকের শ্যুটিং…

Sourav Ganguly biopic: লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়াবেন রাজকুমার! মার্চেই শুরু সৌরভের বায়োপিকের শ্যুটিং…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে ব্যাট হাতে ক্রিজে নামছেন রাজকুমার রাও। তবে কোনো কাল্পনিক চরিত্র নয়, এবার তিনি পর্দায় ফুটিয়ে তুলবেন ভারতীয় ক্রিকেটের মোড় ঘুরিয়ে দেওয়া অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে এবং প্রযোজক লাভ রঞ্জন এই মেগা প্রজেক্টের শুটিং শুরু করতে চলেছেন আগামী মার্চ মাসেই। ছবির প্রথম পর্যায়ের শুটিং হওয়ার কথা লন্ডনের আইকনিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট কেরিয়ারের অন্যতম সেরা মুহূর্ত ২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফি জয় এবং লর্ডসের ব্যালকনিতে সেই জার্সি ওড়ানোর দৃশ্য। সেই সোনালি অধ্যায়কে জীবন্ত করতে নির্মাতারা কোনো সেট নয়, বরং খোদ লর্ডস মাঠকেই বেছে নিয়েছেন। এছাড়া কলকাতার ইডেন গার্ডেন্স এবং মুম্বইয়ের বিভিন্ন স্টেডিয়ামেও হবে শুটিং। ‘প্রিন্স অফ ক্যালকাটা’-র ছোটবেলা ফুটিয়ে তুলতে পরিচালক ইতিমধ্যেই বেহালার বাড়ি এবং ময়দানের ক্লাবগুলোতে রেইকি সেরেছেন।

ডানহাতি অভিনেতা রাজকুমার এবার সৌরভের সেই সহজাত বাঁহাতি ব্যাটিং স্টাইল রপ্ত করতে কঠোর প্রশিক্ষণ নিচ্ছেন। শুধু ক্রিকেট নয়, ‘মহারাজের’ হাঁটাচলা এবং কথা বলার ধরন আয়ত্ত করতেও বিশেষ হোমওয়ার্ক করছেন তিনি। সৌরভ নিজে এই কাস্টিং নিয়ে উৎসাহ প্রকাশ করেছেন। সব ঠিক থাকলে ২০২৬ সালের শেষেই বড় পর্দায় দেখা যাবে লর্ডস থেকে ইডেনের এই রাজকীয় যাত্রা।

(Feed Source: zeenews.com)