TMC Rajya Sabha candidates: বাবুল-রাজীব-কোয়েল-মেনকা! চূড়ান্ত ৪ নাম! রাজ্যসভায় তৃণমূলের প্রার্থীতালিকায় বিরাট চমক…

TMC Rajya Sabha candidates: বাবুল-রাজীব-কোয়েল-মেনকা! চূড়ান্ত ৪ নাম! রাজ্যসভায় তৃণমূলের প্রার্থীতালিকায় বিরাট চমক…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সব জল্পনার অবসান, চূ়ড়ান্ত ৪ নাম। রাজ্যসভার প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল। সাংসদ পদের দাবিদার হিসেবে তৃণমূলের ৪ প্রার্থীর নাম চূড়ান্ত। আর সেই প্রার্থী তালিকাতেই বড় চমক। তৃণমূলের রাজ্যসভার প্রার্থী হচ্ছেন বাবুল সুপ্রিয়। প্রার্থী হচ্ছেন রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমার। প্রার্থী হচ্ছেন অভিনেত্রী কোয়েল মল্লিক এবং আইনজীবী মেনকা গুরুস্বামী।

তৃণমূলের তরফে দলের এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্যসভার আসন্ন নির্বাচনে প্রার্থী হিসেবে বাবুল সুপ্রিয়, রাজীব কুমার, মেনকা গুরুস্বামী ও কোয়েল মল্লিকের নাম ঘোষণা করা হয়েছে। তৃণমূলের তরফে ৪ প্রার্থীকেই শুভেচ্ছা জানানো হয়েছে। নতুন দায়িত্বে তাঁরা যেন প্রত্যেক ভারতীয়ের সম্মান ও অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকেন ও সেইসঙ্গে তৃণমূলের লড়াই এবং সহনশীলতার ঐতিহ্যের ধারক ও বাহক হোন, সেই শুভেচ্ছা-ই জানানো হয়েছে দলের তরফে।

উল্লেখ্য, আগেই জানা গিয়েছিল যে এবার তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তালিকায় ৪ জনই নতুন মুখ হতে চলেছে। কারা হবেন সেই ৪ জন? তা নিয়ে অনেক জল্পনা ছড়ায়। সম্ভাবনায় উঠে আসে অনেক নাম। শেষে প্রার্থী তালিকা ঘোষণা হতেই চূড়ান্ত চমক! একদিকে রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমার, অন্যদিকে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে রাজ্যের হয়ে লড়া আইনজীবী মেনকা গুরুস্বামী, সেইসঙ্গে অভিনেত্রী কোয়েল মল্লিক।

প্রসঙ্গত বিধানসভা নির্বাচনের মধ্যেই শেষ হচ্ছে রাজ্যসভার এ রাজ্যের পাঁচ সংসদের  মেয়াদ। তৃণমূল কংগ্রেসের ঋতব্রত ব্যানার্জি, সুব্রত বক্সি, সাকেত গোখেল, মৌসম বেনজির নূর ও সিপিএমের বিকাশ ভট্টাচার্য। এরমধ্যে অংকের হিসাবে পাঁচটি মধ্যে একটি পাবে বিজেপি। আর ৪টি পাবে তৃণমূল কংগ্রেস। এবার মেয়াদ শেষ হওয়া একজন রাজ্যসভার সাংসদ এবার লড়বেন বিধানসভা নির্বাচনে। সুব্রত বক্সী আর নির্বাচনে লড়বেন না বলে জানিয়েছেন। ওদিকে সাকেত গোখলেকেও আর না পাঠানোর সম্ভাবনা ছিল না। আর মৌসম বেনজির নূর ইতিমধ্যেই কংগ্রেসের যোগ দিয়েছেন। ফলে রাজ্যসভায় তৃণমূলের ৪ জন নতুন মুখ কে হতে চলেছেন? তা নিয়েই জোর জল্পনা ছড়ায় গত কয়েকদিন ধরেই। শেষে সামনে এল সেই ৪ নাম।

বর্তমানে রাজ্যসভায় ২৪৫টি আসন। এর মধ্যে ২৩৩ জন সদস্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিত্ব করেন। আর ১২ জন সদস্য রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন। রাজ্যসভার সদস্য হতে গেলে যে ন্যূনতম যোগ্যতা প্রয়োজন, তা হল তাঁকে ভারতের নাগরিক হতে হবে। ৩০ বছরের বেশি বয়সী হতে হবে। সঙ্গে সংসদীয় আইন দ্বারা নির্ধারিত অন্যান্য যোগ্যতার অধিকারী হতে হবে। রাজ্যসভার সাংসদরা একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে নির্বাচিত হন। আনুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যদের ইলেক্টোরাল কলেজ দ্বারা নির্বাচিত হন রাজ্যসভার সাংসদরা।

(Feed Source: zeenews.com)