শনিবার অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলায় আতশবাজি কারখানায় বিস্ফোরণে ২০ শ্রমিকের ,মৃত্যু হয়েছিল। সেই ক্ষত দগদগে! তারমধ্যেই রবিবার সকালে মহারাষ্ট্রে বারুদ কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণে মৃত অন্তত ১৭, আহত বহু
মহারাষ্ট্র: অন্ধ্রপ্রদেশের পর এবার মহারাষ্ট্র। নাগপুরের একটি বারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত অন্তত ১৭, আহত ১৮। রবিবার সকালে নাগপুরের কাটোল নগরের রাউলগাওঁয়ে একটি খনি ও শিল্প বিস্ফোরক উৎপাদনকারী সংস্থায় ভয়ঙ্কর বিস্ফোরণ। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎই জোরাল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। তার পরই দেখা যায়, কারখানা জ্বলছে আগুনে, গলগল করে ধোঁয়া বার হচ্ছে। গ্রামবাসীরা তড়িঘড়ি উদ্ধারকাজে নামেন। কিন্তু তত ক্ষণে অগ্নিদগ্ধ হয়ে অনেকেরই মৃত্যু হয়েছে। নাগপুরের পুলিশ সুপার (গ্রামীণ) হর্ষ পোদ্দার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
আহতদের স্থানীয় হাসপাতাল ও নাগপুরের অরেঞ্জ সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি। চলছে উদ্ধারকাজ। প্রাথমিক তথ্য অনুযায়ী, সকাল ৬টা থেকে ৭টার মধ্যে বিস্ফোরণ ঘটে। রাউলগাঁওয়ের এসবিএল সংস্থায় খনির কাজে ব্যবহৃত ডেটোনেটর ও অন্যান্য বিস্ফোরক সামগ্রী তৈরি করা হয়।
কর্মীরা প্রতিদিনের মতো রবিবার সকালেও কাজে যোগ দিয়েছিলেন। সংস্থার ডিটোনেটর প্যাকিং শাখায় আচমকাই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের বিকট শব্দ কারখানা ছাড়িয়ে বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। বিস্ফোরণ তীব্রতা এতটাই ছিল যে, কারখানার একটি অংশ ধসে পড়ে। আকাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ, দমকল। পরে আসে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও (এনডিআরএফ)। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কারখানার যে-অংশে বিস্ফোরণ হয়েছিল, সেখানে কাজ করছিলেন প্রায় ২৫ থেকে ৩০ জন কর্মী। কারখানার ভিতরে এখনও কয়েকজন কর্মীর আটকে থাকার আশঙ্কা রয়েছে। নাগপুরের পুলিশ সুপার (গ্রামীণ) হর্ষ পোদ্দার জানিয়েছেন, রবিবার সকাল ৭টা থেকে সওয়া ৭টার মধ্যে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, এই সংস্থার ডিটোনেটর প্যাকিং শাখায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে ১৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ১৮ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
নাগপুরের এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। মৃতদের পরিবারের জন্য দু’লক্ষ টাকা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। আহতদের জন্য ৫০ হাজার টাকা। অন্য দিকে, রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, শনিবার দুপুরে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলার ভেটলাপালেম গ্রামে এক আতশবাজি কারখানায় বিস্ফোরণ হয়। ওই কারখানায় বাজি তৈরির প্রচুর মশলা, রাসায়নিক পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে ঝলসে মৃত্যু হয় অন্তত ২০ শ্রমিকের।
(Feed Source: news18.com)