Pakistan Cricket News: ক্রিকেটের তিন ফরম্যাটেই হাই তুলেছেন, আবার কিংবদন্তি ইমরানের সঙ্গেও উচ্চারিত হয় নাম, এবার হেড কোচ!

Pakistan Cricket News: ক্রিকেটের তিন ফরম্যাটেই হাই তুলেছেন, আবার কিংবদন্তি ইমরানের সঙ্গেও উচ্চারিত হয় নাম, এবার হেড কোচ!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup 2026)  ভয়াবহ বিপর্যয় দেখেছে পাকিস্তান। ভারত-পাকিস্তানের মতো হেভিওয়েট দলের কাছে হেরে সুপার এইটের গণ্ডিও টপকাতে পারেনি তারা। তবে আগামীতেই চোখ পাকিস্তানের। আগামী মে মাসে তারা বাংলাদেশে যাচ্ছে। ২টি টেস্ট, ১টি ওডিআই এবং ৩টি টি-টোয়েন্টিআই খেলবে দুই দেশ। টেস্টের কথা মাথায় রেখে পাকিস্তান এবার নতুন কোচ বেছে নিচ্ছে।

দায়িত্বে সরফরাজ

পাকিস্তানের জিয়োনিউজ-এর রিপোর্ট, পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সরফরাজ আহমেদ (Sarfaraz Ahmed) টেস্ট টিমের হেড কোচ হচ্ছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত সিরিজের সময় আজহার মেহমুদ (Azhar Mahmood)পাকিস্তান দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের সময় সরফরাজ দায়িত্ব নেবেন। সরফরাজ পাকিস্তানের ইতিহাসের অন্যতম বিখ্যাত অধিনায়ক। যিনি ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারিয়ে দেশকে ট্রফি এনে দিয়েছিলেন। ইমরান খানের পর পাকিস্তানকে দ্বিতীয় এবং সর্বশেষ আইসিসি ট্রফি দেওয়া নেতাই তিনি। গতবছর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানকে ট্রফি এনে দেওয়ার পর থেকেই সরফরাজের খ্যাতি আকাশচুম্বী হয়ে ওঠে। সেই টুর্নামেন্ট চলাকালীন ভক্তরা, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভিকে আবেদন জানান, সরফরাজকে পাকিস্তান ক্রিকেট দলের হেড কোচ হিসেবে নিয়োগের জন্য অনুরোধ করেন।

২০২৬-২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) টেবিলে পাকিস্তান বর্তমানে পাঁচ নম্বরে রয়েছে। তাদের প্রথম সিরিজ ছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে, যেখানে তারা সিরিজটি ১-১ ব্যবধানে ড্র করেছিল। তাদের পরবর্তী অ্যাসাইনমেন্ট হবে মে মাসে বাংলাদেশ সফর। বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে শ্রীলঙ্কা এবং নিউ জিল্যান্ডকেও আতিথ্য দেবে, অন্যদিকে তারা ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজ খেলবে। পাকিস্তান কখনও ডব্লিউটিসি ফাইনালে উঠতে পারেনি এবং সরফরাজের হাতে এখন বড় দায়িত্ব।

পাকিস্তানের হয়ে সরফরাজের রেকর্ড

পাকিস্তানের হয়ে সরফরাজ ৫৪ টেস্টে ৩০৩১ রান করেছেন। যার মধ্যে ৪টি সেঞ্চুরি এবং ২১টি অর্ধ-শতক রয়েছে। সাদা বলের ক্রিকেটে সাফল্যের পর তাঁকে দলের অধিনায়ক মনোনীত করা হয়েছিল। ১৩ ম্যাচে দলকে নেতৃত্ব দেন সরফরাজ। যেখানে তিনি চার ম্যাচে দলকে জয় এনে দেন, যার মধ্যে রয়েছে ২০১৮ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে এক স্মরণীয় জয়। তিনি সর্বশেষ পাকিস্তানের হয়ে ২০২৩ সালে পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছিলেন। সাদা বলের ক্রিকেটে সরফরাজ ১১৭টি ওডিআই খেলেছেন। ২টি সেঞ্চুরি এবং ১১টি অর্ধ-শতক-সহ ২৩১৫ রান করেছেন। টি-টোয়েন্টিতে, তিনি পাকিস্তানের হয়ে ৬১টি ম্যাচে খেলেছেন, ৮১৮ রান করেছেন। তবে ট্রোলের ইতিহাস যদি দেখা হয়, তাহলে ক্রিকেটের তিন ফরম্যাটেই হাই তুলেছেন তিনি।

(Feed Source: zeenews.com)