
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুর্ঘটনার কবলে বিলাসবহুল BMW। রাজস্থানের আলওয়ারের কাছে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের উপর উলটে যায় শাকুন গ্রুপের এমডি বল্লভ মহেশ্বরীর বিএমডব্লিউ গাড়িটি। ভয়ংকর সেই দুর্ধটনায় খেলনা গাড়ির মতো তুবড়ে যায় কোটি টাকার বিএমডব্লিউ গাড়ি। BMW উলটে ঘটনাস্থলেই প্রাণ হারান শাকুন গ্রুপের এমডি বল্লভ মহেশ্বরী।
৬২ বছর বয়সী জয়পুর-ভিত্তিক ব্যবসায়ী, শাকুন গ্রুপের এমডি বল্লভ মহেশ্বরী জয়পুর থেকে মথুরা যাচ্ছিলেন। সেইসময় দুর্ঘটনাটি ঘটে। রায়নি থানা এলাকায় মাইলস্টোন ১৩৬.৮ নম্বরের কাছে মহেশ্বরীর চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের ব্যারিকেড ভেঙে মিডল লাইনে ধাক্কা মারে। শেষে একটি কালভার্টের দেওয়ালে ধাক্কা মারে। তারপর উলটে যায়। দুর্ঘটনার জেরে বিলাসবহুল গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর দুজনকেই দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা শাকুন গ্রুপের এমডি বল্লভ মহেশ্বরীকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু চালকের সামান্য চোট লাগে। চালক পলাতক। পুলিস দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তের পর পুলিস জানিয়েছে, অতিরিক্ত গতি অথবা কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। মহেশ্বরীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরে পাঠানো হয়েছে।
বল্লভ মহেশ্বরীর মর্মান্তিক মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট৷ ২০০০ সালের গোড়ার দিকে শাকুন গ্রুপ প্রতিষ্ঠা করেন বল্লভ মহেশ্বরী। রাজস্থানের জয়পুরেরই বাসিন্দা ছিলেন বল্লভ মাহেশ্বরী। বিজ্ঞাপন, পরিকাঠামো নির্মাণ, রিয়েল এস্টেট থেকে হোটেল ব্যবসা, একাধিক ব্যবসা রয়েছে শাকুন গ্রুপের। প্রায় ৩২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন মাহেশ্বরী প্রায় ১২টি সংস্থার দায়িত্ব সামলাচ্ছিলেন।
(Feed Source: zeenews.com)
