Fuel crisis: গাড়িতে তেল নেওয়ার পরই ড্রামে তেল ভরে দেওয়ার দাবি, না করতেই পাম্পের কর্মীকে গুলি

Fuel crisis: গাড়িতে তেল নেওয়ার পরই ড্রামে তেল ভরে দেওয়ার দাবি, না করতেই পাম্পের কর্মীকে গুলি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ইরান-ইসরায়েল যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। শোনা যাচ্ছে একমাত্র চিনকেই অপরিশোধিত তেল নিয়ে যেতে অনুমতি দেওয়া হচ্ছে। এরকম এক পরিস্থিতিতে গোটা উপমহাদেশে জ্বালানী সংকট হতে পারে বলে এক আশঙ্কা তৈরি হয়েছে। ভারত, পাকিস্তান-সহ একাধিক দেশে পেট্রোল ডিজেল মজুত করার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। এসব করতে গিয়েই মারাত্ক ঘটনা ঘটে গেল পাকিস্তানের পঞ্জাবে।

সম্প্রতি পেট্রোলের দাম লিটারে ৫৫ টাকা বাড়িয়ে দিয়েছে পাকিস্তান সরকার। তার পরই তেলের দাম আরও বেড়ে যেতে পারে এই আশঙ্কায় পাক পঞ্জাবের তেলের পাম্পগুলিতে তেল কেনার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। এক ব্যক্তি তেলের ক্যান নিয়ে আসেন তেল ভরতে। তাকে তেল দিতে অস্বীকার করেন তেল পাম্পের কর্মী। আর এতেই বন্দুক বের করে ওই কর্মীর উপরে গুলি চালিয়ে দেন এক ব্যক্তি। ঘটনাস্থালেই ওই তেলা পাম্প কর্মীর মৃত্যু হয়, আহত হন আরও ২ জন।

ডন পত্রিকার সোমবারের এক প্রতিবেদন অনুযায়ী, ইরান-মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলা যুদ্ধ এবং পরবর্তীতে তেল উৎপাদনকারী উপসাগরীয় দেশগুলোতে হামলার ফলে সৃষ্ট জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সোমবার একটি ব্যয় সংকোচন পরিকল্পনা প্রকাশ করবেন বলে আশা করা হচ্ছে।

পুলিস সূত্রে পাক সংবাদমাধ্যমের খবর, শনিবার লাহোর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে শিয়ালকোটের ডাস্কা রোডের একটি ফিলিং স্টেশনে এই ঘটনাটি ঘটে। সেখানে তেল কেনা নিয়ে গ্রাহক ও কর্মীদের মধ্যে হাতাহাতি ও ঝগড়া শুরু হয়। পুলিস আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাতের কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। এর ফলে পেট্রোল পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ লাইন পড়ে গিয়েছিল,যা থেকেই মূলত উত্তেজনার সৃষ্টি হয়।

পুলিস কর্মকর্তা দোস্ত মুহাম্মাদ জানান, একটি গাড়িতে করে দুই ব্যক্তি ফিলিং স্টেশনে আসেন। গাড়িতে তেল ভরার পর তারা সঙ্গে আনা কয়েকটি প্লাস্টিকের ড্রাম বা বোতল ভর্তি করে তেল দিতে বলেন। কিন্তু ফিলিং স্টেশনের কর্মী তা দিতে অস্বীকার করেন। সরকারি নিয়ম অনুযায়ী এভাবে ক্যানে তেল দেওয়া নিষেধ। এই নিয়ে কর্মী ও ওই দুই ব্যক্তির মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতি শুরু হয়। যাওয়ার সময় ওই ব্যক্তিরা স্টেশনের কর্মীদের মারাত্মক পরিণতির হুমকি দিয়ে চলে যান।

পুলিস কর্তা দোস্ত মুহাম্মাদ জানিয়েছেন, ওই তর্কাতর্কির ঘণ্টাখানেক পর ওই ব্যক্তিরা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে ফিরে আসে। তারা ফিলিং স্টেশনের কর্মীদের ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। এতে তিন কর্মী গুরুতর আহত হন। আহতদের মধ্যে ২৫ বছর বয়সী মুহাম্মদ সিবতাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক।

ঘটনায় মূল সন্দেহভাজন খাজা মুনীবকে গ্রেপ্তার করা হয়েছে। তার এবং তার চার সহযোগীর বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, গত শুক্রবার কর্তৃপক্ষ জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ৫৫ পাকিস্তানি রুপি বাড়ানোর ঘোষণা দেওয়ার পর পাকিস্তানের বিভিন্ন এলাকায় পেট্রোল ও ডিজেল কেনার জন্য মানুষের মধ্যে হিড়িক পড়ে গেছে।

উল্লেখ্য, পঞ্জাবের অনেক পেট্রোল পাম্পের মালিক দাম বাড়ার আগেই তাদের পাম্প সাময়িকভাবে বন্ধ রেখেছিলেন, যার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পেট্রোল পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়। যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাত এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার কারণে তেলের এই মূল্যবৃদ্ধি ঘটেছে। এর ফলে সারা দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও যাতায়াতের খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

(Feed Source: zeenews.com)