
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমেরিকা-ইরান-ইসরায়েল যুদ্ধের আঁচে এবার বন্ধ হতে চলেছে বেঙ্গালুরু শহরের সব হোটেল? তেমনই ভাবনাচিন্তা করছে বেঙ্গালুরুর হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন। যার পিছনে মূল কারণ হচ্ছে, গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের আচঁ ভারতে। আর তার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে গ্যাস ও তেলে। ইতিমধ্যেই ভারতে শিল্পের গ্যাসের দাম ৩ গুণ বাড়িয়েছে আদানি-টোটাল গ্রুপ। ওদিকে ১৪ কেজির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৬৩ টাকা বাড়িয়েছে সরকার। একইসঙ্গে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১১৫ টাকা বাড়িয়েছে সরকার। সাপ্লাই নিয়ন্ত্রণে রাখতে গ্যাস বুকিংয়ের নিয়মেও বেশ কিছু পরিবর্তন এনেছে সরকার।
এই পরিস্থিতিতেই বেঙ্গালুরুর হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন হাইটেক সিটির সব হোটেল বন্ধ করার ভাবনাচিন্তা করছে। কারণ, গ্যাসের সংকট! কমার্শিয়াল সিলিন্ডার বা বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১১৫ টাকা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্ত নিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বক্তব্য, সিলিন্ডারের দাম বাড়াই প্রধান কারণ। তবে সরবরাহও আরেকটি কারণ। এখন এই সিদ্ধান্তের বিরুদ্ধে হোটেল অ্যাসোসিয়েশগুলি যদি সংঘটিত হয়, তবে সেটা তাদের অধিকার আছে।
প্রসঙ্গত, ইতিমধ্যেই ভারতে গ্যাস সিলিন্ডার সাপ্লাইয়ে সংকটের আশঙ্কায় সিলিন্ডার নিয়ে শুরু হয়ে গিয়েছে কালোবাজারি। কোথাও কোথাও ১,৫০০ টাকায় পাওয়া যাচ্ছে একটি এলপিজি সিলিন্ডার!আর সেই সিলিন্ডার কিনতে গ্যাস এজেন্সির সামনে গ্রাহকদের লম্বা লাইন দেখা যাচ্ছে। এরকম বহু জায়গার ভিডিয়ো ইতিমধ্য়েই ভাইরাল হয়েছে। আর তারপরই প্রশ্ন উঠছে, ভারতে কি সত্যিই গ্যাসের সংকট?
গ্যাস ডেলিভারি কর্মীরা জানাচ্ছেন, বাস্তবে এখনও এলপিজির কোনও বড় ধরনের ঘাটতি নেই। কেন্দ্রীয় সরকারও দেশে গ্যাসের সংকটের খবর অস্বীকার করেছে। কিন্তু ইরান যুদ্ধের ফলে সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে, এই আশঙ্কাতেই অনেকে আগাম সিলিন্ডার তুলে রাখছেন। আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা শুরু করেছেন সিলিন্ডারের কালোবাজারি। আর তাতেই সমস্যা আরও প্রকট হওয়ার আশঙ্কা।
প্রসঙ্গত, ভারতের এলপিজি-র প্রায় দুই–তৃতীয়াংশ এলপিজি আমদানি করা হয়ে থাকে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলপিজি আমদানিকারক দেশ ভারত। ভারতের প্রায় ৮০ শতাংশ এলপিজি-ই আমদানি হয় এই ‘স্ট্রেট অফ হরমুজ’ দিয়ে। বেশিরভাগই আসে সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব এবং কুয়েত থেকে। এখন হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়তেই তেল ও গ্যাস অমিলের আশঙ্কা।
(Feed Source: zeenews.com)
