জি ২৪ ঘণ্টা ডিজিটাল: জল্পনাই সত্যি হল। মাত্র চার বছরের মাথায় ভেঙে গেল অভিনেত্রী হংসিকা মোতওয়ানি (Hansika Motwani) এবং ব্যবসায়ী সোহেল খাতুরিয়ার সাজানো সংসার। মুম্বইয়ের বান্দ্রা ফ্যামিলি কোর্ট আজ তাঁদের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর করেছে। হংসিকার আইনজীবী আদনান শেখ সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, পারস্পরিক সম্মতির ভিত্তিতেই এই আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়েছে।
২০২২ সালের ডিসেম্বরে জয়পুরের মুন্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেসে রাজকীয় আয়োজনে সোহেলের গলায় মালা দিয়েছিলেন ‘আপ কা সুরুর’ খ্যাত এই অভিনেত্রী। সেই সময় অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে প্রিয়বন্ধুর ঘর ভেঙে বিয়ে করছেন তিনি। সোহেলের প্রথম স্ত্রী ছিলেন হংসিকার বেস্ট ফ্রেন্ড। তবে হংসিকার বিয়ের মাত্র আট মাস পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়। গত বছর আচমকাই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে বিয়ের সমস্ত ছবি মুছে ফেলেন হংসিকা, যা জল্পনার আগুনে ঘি ঢেলেছিল। জানা গেছে, বেশ কিছু সময় ধরে তাঁরা আলাদাই থাকছিলেন।
বিচ্ছেদের ক্ষেত্রে হংসিকার অবস্থান ছিল অত্যন্ত স্পষ্ট। তাঁর আইনজীবী জানিয়েছেন, প্রাক্তন স্বামীর থেকে কোনও প্রকার খোরপোশ দাবি করেননি অভিনেত্রী। তিনি চেয়েছিলেন অত্যন্ত সম্মানজনক এবং শান্তিপূর্ণভাবে এই সম্পর্কের ইতি টানতে। আদালতে জমা দেওয়া পিটিশনে সম্পর্কের অবনতির কারণ উল্লেখ করা হলেও, তা জনসমক্ষে আনা হয়নি। দুজনেই স্বীকার করে নিয়েছেন যে, এই বৈবাহিক সম্পর্ক আর টিকিয়ে রাখা সম্ভব নয়।
উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বরে আইফেল টাওয়ারের সামনে হাঁটু গেড়ে বসে হংসিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সোহেল। সেই রূপকথার মতো মুহূর্তের ছবি শেয়ার করে হংসিকা লিখেছিলেন, ‘নাও অ্যান্ড ফরএভার’ (এখন এবং সারাজীবনের জন্য)। কিন্তু বাস্তবের রূঢ়তায় সেই ‘সারাজীবন’ মাত্র চার বছরেই থমকে গেল। আপাতত বিচ্ছেদ কাটিয়ে নিজের পেশাদার জীবন এবং কাজে মন দিতে চান অভিনেত্রী।
(Feed Source: zeenews.com)
