
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টি-২০ বিশ্বকাপ (T20 World Cup Final 2026) শেষ হওয়ার পরেই, আইপিএলের সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস জানিয়ে দিয়েছিল যে, ছাব্বিশের আইপিএল (IPL 2026) ২৮ মার্চ (শনিবার) থেকে ১২ এপ্রিল পর্যন্ত চলবে। গত ৮ মার্চ আইপিএলের দিনক্ষণ ঘোষণা হওয়ার তিন দিনের মধ্যে বিসিসিআই (BCCI) প্রথম ২০ ম্যাচের সূচি ঘোষণা করে দিল। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের (Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad, RCB vs SRH) এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সন্ধে ৭টা ৩০ মিনিটে খেলা শুরু। এবারের আইপিএলই কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় আইপিএল। কারণ ৭৪-এর বদলে এবার সূচিতে ৮৪ ম্যাচ!
Add Zee News as a Preferred Source
কবে মাঠে নামছে কেকেআর?
২৯ মার্চ রবিবার রয়েছে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ (Kolkata Knight Riders Vs Mumbai Indians, KKR vs MI)। অ্যাওয়ে ম্যাচ দিয়েই কলকাতার অভিযান শুরু হচ্ছে। আগামী ২ এপ্রিল কলকাতার দ্বিতীয় ম্যাচ। অজিঙ্কা রাহানেরা (Ajinkya Rahane) খেলবে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। এরপরের তিন ম্যাচও কেকেআর ক্রিকেটের ননন্দকাননেই খেলবে। দু’ ধাপে ম্যাচের সূচি ঘোষণা করা হবে বলে আগেই খবর ছিল। এদিন বিসিসিআই জানিয়ে দিল যে, তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পরই পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হবে। আইপিএলের প্লে-অফগুলি ২৬ মে থেকে শুরু হওয়ার কথা রয়েছে। কোয়ালিফায়ার ওয়ানের সঙ্গে ৩১ মে ফাইনাল আয়োজনের কথা রয়েছে বেঙ্গালুরুর। এলিমিনেটর এবং কোয়ালিফায়ার টু-সহ অন্যান্য প্লে-অফ ম্যাচগুলি অমদাবাদ এবং রায়পুরে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাই বেশি।
আইপিএল ২০২৬ ফরম্যাট
আইপিএলে ১০টি দল ‘ডাবল রাউন্ড-রবিন’ পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করবে যেখানে তারা একে অপরের সঙ্গে দু’বার খেলবে হোম-অ্যাওয়ের ভিত্তিতে। ম্যাচগুলি কলকাতা, বেঙ্গালুরু, দিল্লি, মুম্বই, হায়দরাবাদ, জয়পুর, রায়পুর-সহ ১০টি প্রধান শহরে অনুষ্ঠিত হবে। এই মরসুমে ৮০টি লিগ ম্যাচ এবং ৪টি প্লে-অফ হবে।
আইপিএল ২০২৬-এর প্রতিদ্বন্দ্বিতাকারী দলগুলি
আইপিএলে প্রতিদ্বন্দ্বিতাকারী দলগুলি- চেন্নাই সুপার কিংস (নেতৃত্বে রুতুরাজ গায়কোয়াড় ), মুম্বাই ইন্ডিয়ান্স (নেতৃত্বে হার্দিক পাণ্ডিয়া), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (নেতৃত্বে রজত পাটিদার), কলকাতা নাইট রাইডার্স (নেতৃত্বে অজিঙ্কা রাহানে), গুজরাত টাইটান্স (নেতৃত্বে শুভমন গিল), রাজস্থান রয়্যালস (নেতৃত্বে রিয়ান পরাগ), লখনউ সুপার জায়ান্টস (নেতৃত্বে ঋষভ পন্থ), সানরাইজার্স হায়দরাবাদ (নেতৃত্বে প্যাট কামিন্স), দিল্লি ক্যাপিটালস (নেতৃত্বে অক্ষর প্যাটেল), এবং পাঞ্জাব কিংস (নেতৃত্বে শ্রেয়স আইয়ার)।
(Feed Source: zeenews.com)
