India’s First amphibious Drone Avataar: সমুদ্রের জলের তলা থেকেই সোজা আকাশে উঠে টার্গেটে হিট, ভারতের প্রথম উভচর ড্রোন ‘অবতার’ এক বিস্ময়

India’s First amphibious Drone Avataar: সমুদ্রের জলের তলা থেকেই সোজা আকাশে উঠে টার্গেটে হিট, ভারতের প্রথম উভচর ড্রোন ‘অবতার’ এক বিস্ময়

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জল থেকে সোজা উঠে যাবে আকাশে! জলেও যেমন নিখুঁত আঘাত হানবে লক্ষ্যে! তেমনই আকাশপথেও নিখুঁত টার্গেটে গুঁড়িয়ে দেবে শত্রুপক্ষের ঘাঁটি! এমনই বিরল ‘SEAL’ ড্রোন তৈরি করে ফেলেছে ভারত। ভারতের প্রথম উভচর ড্রোন, যা কিনা আকাশ-জল দু’ জায়গাতেই সমান সক্ষম। নাম ‘অবতার’। তৈরি করেছে বেঙ্গালুরুর একটি স্টার্টআপ।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ থেকে ইউক্রেনের ফ্রন্টলাইন, আধুনিক যুদ্ধে ড্রোন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্রগুলির মধ্য়ে একটি। নজরদারি থেকে নির্ভুল হামলা এবং সমুদ্র পর্যবেক্ষণে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে মানববিহীন ড্রোন। ভারতের ক্ষেত্রেও পাকিস্তান ও চীন সীমান্তে নজরদারি এবং অনুপ্রবেশ ঠেকাতে ড্রোনের ব্যবহার ক্রমশ বাড়ছে। যারফলে সামরিক ও বাণিজ্যিক উভয় ক্ষেত্রেই ড্রোন প্রযুক্তিতে নতুন নতুন উদ্ভাবন ঘটছে। এহেন প্রেক্ষাপটেই বেঙ্গালুরুর একটি স্টার্টআপ সংস্থা এমন একটি ড্রোন তৈরি করছে যা যেমন আকাশে উড়তে পারে, তেমন আবার জলের নীচেও কাজ করতে পারে।

আকাশেও উড়বে, জলেও ডুব দেবে
বেঙ্গালুরুর স্টার্টআপ অ্যাকোয়া অ্যারিক্স তৈরি করেছে ভারতের প্রথম অ্যামফিবিয়াস বা উভচর ড্রোন। নাম ‘অবতার’। একদিকে এই ড্রোন আকাশে উড়তে পারে। আবার জলেও ডুব দিতে পারে। জলের নীচে কাজ করে আবার উপরে উঠে আকাশে উড়ে যেতে পারে। এই বিরল ‘সিল’ ড্রোন সর্বোচ্চ ১০ কেজি পর্যন্ত পে-লোড বহন করতে সক্ষম। শত্রুঘাঁটি লক্ষ্য করে এটিকে যেমন আকাশ থেকে লঞ্চ করা যাবে। তেমনই আবার সমুদ্রে ডুব দিতে পারবে, পরে উপরে উঠে নজরদারি বা অন্য মিশনে যেতে পারবে।

ইতিমধ্যেই সুইমিং পুল থেকে স্বাধীন প্ল্যাটফর্মে ড্রোনটির পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হয়েছে। এবার আকাশপথে ও খোলা সমুদ্রে পরীক্ষা চলছে। ড্রোনটি প্রায় ১৭৫ নটিক্যাল মাইল (বা ১৪৫ কিমি) এলাকা অতিক্রম করতে পারবে এবং প্রায় ৫ ঘণ্টা পর্যন্ত অপারেশনাল থাকতে পারবে। এতে বিভিন্ন ধরনের মডিউলার পে-লোডও যুক্ত করা যাবে। যেমন ISR (ইন্টেলিজেন্স সার্ভেইল্যান্স ও রিকনিসান্স) সেন্সর, সোনার সিস্টেম, অ্যাকোস্টিক সেন্সর।

ভারতীয় নৌবাহিনীর আগ্রহ
এই ড্রোনটি ইতিমধ্যেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের নজরে রয়েছে। ভারতীয় নৌবাহিনীও এই বিরল উভচর ড্রোনের বিষয়ে আগ্রহ দেখিয়েছে। আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে এই ড্রোনটি সম্পূর্ণ কার্যক্ষমতার অধিকারী হয়ে উঠবে বলে আশাবাদী প্রস্তুতকারক সংস্থা।

(Feed Source: zeenews.com)