Iman Chakraborty: ‘আমতলা, জামতলা থেকে কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছেন’, তৃণমূলের প্রার্থীতালিকা ঘোষণা হতেই বিস্ফোরক ইমন

Iman Chakraborty: ‘আমতলা, জামতলা থেকে কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছেন’, তৃণমূলের প্রার্থীতালিকা ঘোষণা হতেই বিস্ফোরক ইমন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত কয়েক মাস ধরে টলিপাড়ার অলিন্দে কান পাতলেই শোনা যাচ্ছিল তাঁর নাম। গুঞ্জন ছিল, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ‘ট্রাম্প কার্ড’ হতে চলেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। কেউ বলছিলেন হুগলির উত্তরপাড়া, কেউ বা হাওড়া— ইমনের নির্বাচনী কেন্দ্র নিয়েও কাটাছেঁড়া চলছিল বিস্তর। কিন্তু মঙ্গলবার তৃণমূলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশিত হতেই দেখা গেল, তাতে নেই ইমনের নাম।

এই তালিকা প্রকাশের পরই সমাজমাধ্যমে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সরব হয়েছেন শিল্পী। বিগত কয়েকমাসের জল্পনার জবাব দিতে গিয়ে ইমন লিখেছেন, “বিগত কয়েকমাস ধরে আপনারা আমাকে বিভিন্ন জায়গায় দাঁড় করিয়েছিলেন। এই যেমন উত্তরপাড়া, দক্ষিণপাড়া, বালি, সিমেন্ট, আমতলা, জামতলা ইত্যাদি। কেউ কেউ আবার কেওড়াতলাতেও নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছিলেন।” এরপরই কটাক্ষের সুরে তাঁর অনুরোধ, “এবার আপনাদের কাছে করজোড়ে একটি বিনীত অনুরোধ রাখছি- প্লিজ, আমাকে এবার একটু নিজের পায়ে দাঁড়াতে দিন।”

ছাত্র রাজনীতিতে এককালে এসএফআই (SFI) করা ইমন পেশাদার জীবনে কোনও দলের ঝাণ্ডা ধরেননি। তবে সরকারের প্রতি তাঁর আনুগত্য এবং ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রাপ্তি নিয়ে বিরোধীরা বারবার তাঁকে নিশানা করেছে। মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজো বা সরকারি অনুষ্ঠানে তাঁর সক্রিয় উপস্থিতি অনেককেই ভাবিয়েছিল যে, তিনি হয়তো সরাসরি সংসদীয় রাজনীতিতে আসছেন। কিন্তু মঙ্গলবার স্পষ্ট হয়ে গেল, ইমন এখনই নির্বাচনী ময়দানে নামছেন না।

রাজনীতির আঙিনায় পা না রাখলেও, ইমন বুঝিয়ে দিলেন তিনি ‘উন্নয়নের পাঁচালী’ গাইতে রাজি থাকলেও মঞ্চে মাইক হাতে রাজনীতির স্লোগান দিতে নারাজ। আপাতত তিনি গানেই মন দিতে চান এবং নিজের শর্তে বাঁচতে চান। নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিয়ে তাঁর এই পোস্ট এখন নেটপাড়ায় রীতিমতো ভাইরাল।

(Feed Source: zeenews.com)