
মঙ্গলবার, ১৭ মার্চ গ্লেন ফিলিপ্স সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন। সেখানে তাঁকে অকল্যান্ডের বিমানবন্দরে একটি ছোট্ট ছপারকে সফলতার সঙ্গে ল্যান্ড করাতে দেখা যাচ্ছে। ভিডিওতে ফিলিপ্সকে অত্যন্ত দক্ষতার সঙ্গে ককপিট নিয়ন্ত্রণ করতে দেখা যায়। নেটিজেনরা তাঁকে এই নতুন ভূমিকায় দেখে বেশ খানিকটা চমকেই গিয়েছেন।
ক্রিকেট মাঠে বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, কিপিং সবটাই করতে পারেন গ্লেন ফিলিপ্স। তবে তার পাশাপাশি তিনি ক্রিকেটের বাইরেও নিজের দ্বিতীয় এক কেরিয়ার গড়ার চেষ্টা চালাচ্ছেন। আপাতত পেশাদার পাইলটের লাইসেন্স পাওয়ার জন্য প্রশিক্ষণ নিচ্ছেন ফিলিপ্স। প্রকৃত অর্থেই তিনি কিন্তু অলরাউন্ডার।
ফিলিপ্স বরাবরই পেশাদার পাইলট হতে চেয়েছিলেন। তবে এর জন্য যে পরিমাণ খরচ হয়, সেই দেখেই ফিলিপ্সকে পিছিয়ে যেতে হয়। অতীতে কিন্তু তিনি এ কথা সংবাদমাঘধ্যমকে জানিয়েছেন। তিনি বলেছিলেন, ‘এটা আমার বিরাট প্যাশন। আমি যদি ক্রিকেট না খেলতাম এবং ছোটবেলা থেকেই আমার কাছে যথেচ্ছ পরিমাণ অর্থ থাকত, সত্যি বলতে তাহলে আমি হয়তো পাইলটই হতাম। যদি আমায় ক্রিকেট কেরিয়ার শেষ করার পরেও কাজ করতেই হয়, তবে সেক্ষেত্রে পাইলটিংটাই আমার প্রথম পছন্দ হবে।’
(Feed Source: abplive.com)
