US hits Iran with 5000 pound Bunker Buster: ৫০০০ পাউন্ড ‘বাঙ্কার বাস্টারে’ ইরানের মিসাইল ঘাঁটি ধ্বংস আমেরিকার, কী এই ভয়ংকর বোমা?

US hits Iran with 5000 pound Bunker Buster: ৫০০০ পাউন্ড ‘বাঙ্কার বাস্টারে’ ইরানের মিসাইল ঘাঁটি ধ্বংস আমেরিকার, কী এই ভয়ংকর বোমা?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইরানের বিরুদ্ধে দাঁত-নখ বের করে আক্রমণ শানিয়ে চলেছে আমেরিকা। এবার  হরমুজ প্রণালীর কাছে ইরানের মিসাইল ঘাঁটি ৫,০০০ পাউন্ড ‘বাঙ্কার বাস্টার’ দিয়ে ধ্বংস করল মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবাহিত হয় যে হরমুজ প্রণালীর মাধ্যমে, সেই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পর ইরানের বিরুদ্ধে আমেরিকার এটি প্রথম বড় সামরিক পদক্ষেপ। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে আমেরিকা ইরানের উপকূলবর্তী এলাকায় অবস্থিত ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলিতে ৫,০০০ পাউন্ডের ‘বাঙ্কার বাস্টার’ বোমা দিয়ে ভয়ংকর হামলা চালিয়েছে।

মার্কিন সেন্ট্রাল কম্যান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীর কাছে ইরানের উপকূলবর্তী এলাকায় এই ঘাঁটিগুলোতে থাকা ইরানের অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইলগুলি আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল। তাই তারা সেই ঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালিয়েছে। ৫,০০০ পাউন্ড (প্রায় ২,২৬৮ কেজি) ওজনের একাধিক ডিপ পেনিট্রেটর (deep penetrator) মানে গভীরে প্রবেশকারী শক্তিশালী বোমা ব্যবহার করা হয়েছে হামলায়। যা ইরানের অত্যন্ত সুরক্ষিত মিসাইল ঘাঁটিগুলিকে ধ্বংস করতে সক্ষম হয়েছে।

প্রসঙ্গত, আমেরিকা ও ইসরায়েলে ইরানে সামরিক অভিযান শুরুর পর থেকেই ইরান এই হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এই প্রণালী বিশ্ব তেল সরবরাহের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পথ। এর ফলে সমুদ্রপথে তেল ও গ্যাসের জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়। বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যায়। বড় ধরনের বৃদ্ধি দেখা যায় জ্বালানির দামে।

মার্কিন মিত্রদের সমর্থন না পাওয়া

তবে হরমুজ প্রণালীর কাছে ইরানের মিসাইল ঘাঁটিগুলি ধ্বংসের লক্ষ্যে হামলা চালানোর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, আহ্বান জানানো সত্ত্বেও ন্যাটোসহ অধিকাংশ মিত্র দেশ হরমুজ প্রণালী নিরাপদ রাখতে সহায়তা করতে রাজি হয়নি। ট্রাম্প অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ন্যাটোকে অনেক সাহায্য করলেও, এখন তারা সহযোগিতা করছে না। বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র সম্ভার বাড়ানো থেকে বিরত রাখা মিত্র দেশগুলোরও স্বার্থে।

৫,০০০ পাউন্ডের ‘বাঙ্কার বাস্টার’ বোমা কী?

‘বাঙ্কার বাস্টার’ হল এক বিশেষ ধরনের ভয়ংকর শক্তিশালী বোমা, যা মাটির নীচে বা শক্ত কংক্রিটের ভিতরে থাকা কোনও লক্ষ্যবস্তুকে ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এর মাটির অনেক গভীরে প্রবেশ করার ক্ষমতা রয়েছে। এই ধরনের বোমা সাধারণত এমন লক্ষ্যবস্তুতে আঘাত করতে ব্যবহার করা  হয়ে থাকে, যেগুলো সাধারণ অস্ত্র দিয়ে ধ্বংস করা কঠিন।
গভীর প্রবেশ ক্ষমতা: ভয়ংকর এই বোমা মাটির গভীরে ঢুকে তারপর বিস্ফোরিত হয়। ফলে ভিতরের কাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়।
ব্যবহার: ভূগর্ভস্থ বাঙ্কার, কম্যান্ড সেন্টার, টানেল বা অস্ত্র ভাণ্ডার ধ্বংস করতে ব্যবহার করা হয়ে থাকে।
কোন প্রযুক্তিতে তৈরি: শক্ত ইস্পাতের আবরণ, ভারী ওজন এবং দেরিতে বিস্ফোরণ ঘটানোর জন্য ফিউজ ব্যবহার করা হয়ে থাকে। যাতে সর্বাত্মক ধ্বংস ক্ষমতা অর্জন করে।

(Feed Source: zeenews.com)