SunRisers Owner Kavya Maran: ‘কল মি’, পাকিস্তানিকে সই করানোর ভয়াবহ পরিণতি, মোদীর চরম বার্তা মারানকে, জল গড়াল বহু দূর

SunRisers Owner Kavya Maran: ‘কল মি’, পাকিস্তানিকে সই করানোর ভয়াবহ পরিণতি, মোদীর চরম বার্তা মারানকে, জল গড়াল বহু দূর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল (IPL 2026) শুরুর আগেই মুখ পুড়েছে কাব্য মারানের (Kavya Maran)। সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) সিস্টার ফ্র্যাঞ্চাইজি-সানরাইজার্স লিডস (Sunrisers Leeds) আসন্ন দ্য হান্ড্রেড (The Hundred) ক্রিকেট লিগে, পাকিস্তানি স্পিনার আবরার আহমেদকে (Abrar Ahmed) ২.৩৫ কোটি টাকায় দলে নিয়েছে। আর এরপর থেকেই ভারতীয় ক্রিকেট ভক্তরা ফুঁসছেন সানরাইজার্স সিইও-র উপর। পহেলগাঁও-তে মা-বোনেদের সিঁদুর মোছার পরেও কী করে শয়তান দেশের এক ক্রিকেটারকে সই করালেন কাব্যরা! এই মর্মে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বয়কটের (Sunrisers Hyderabad Boycott Row) ডাকও দিয়েছেন চরম ভক্তরাও।

মোদীর উত্তর

এবার আসরে নামলেন আইপিএলের জনক ও প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী (Lalit Modi)। X হ্যান্ডেলে মোদী লিখেছেন, ‘যখন সমর্থকেরা আগে থেকেই উত্তেজিত হয়ে রয়েছে, তখন একজন পাকিস্তানি খেলোয়াড়ের জন্য ২.৩৪ কোটি টাকা বিনিয়োগ? জনমত সামলানো আর একটি শক্তিশালী ব্র্যান্ড গড়ে তোলার বিষয়ে আমি কিছুটা জানি। প্রয়োজনে ফোন করা যেতে পারে।’ সুনীল গাভাসকরও এই মর্মে কলম ধরেছিলেন এক সর্বভারতীয় দৈনিকে। সেখানে তিনি ঝেড়ে কাপড় পরিয়ে দেন সানরাইজার্সকে।

আসরে ইসিবি

নিলাম অনুষ্ঠিত হওয়ার আগেই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ‘দ্য হান্ড্রেড’-এর ৮ ফ্র্যাঞ্চাইজিকেই চিঠি লিখে ন্যায্য খেলোয়াড় নির্বাচন এবং বৈষম্যবিরোধী নীতি সংক্রান্ত দায়িত্বের কথা জানিয়ে দিয়েছিল। দ্য হান্ড্রেডে থাকা আইপিএল-সংশ্লিষ্ট ৪ ফ্র্যাঞ্চাইজি—ম্যানঞ্চেস্টার, সুপার জায়ান্টস, এমআই লন্ডন, সাউদার্ন ব্রেভ এবং সানরাইজার্স লিডস—পাকিস্তানি খেলোয়াড় নিতে অনিচ্ছুক হতে পারে। ২০২৬ সালের ড্রাফটের জন্য ৬০ জনেরও বেশি পাকিস্তানি ক্রিকেটার নিবন্ধিত থাকায়, এই খবরগুলি নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে তাৎক্ষণিক তদন্তের সূত্রপাত ঘটায়। ইসিবি স্পষ্ট করে দেয় যে, যদিও তারা কোনো ফ্র্যাঞ্চাইজিকে কাকে চুক্তিবদ্ধ করতে হবে তা নির্দেশ করতে পারে না, তবে খেলোয়াড় নির্বাচনের সিদ্ধান্ত অবশ্যই নিয়ন্ত্রক সীমা অতিক্রম করবে না।

(Feed Source: zeenews.com)