KKR News 2026: ফনায় বিষাক্ত ইয়র্কার, মহাসাগরে সুনামির মতো ফুঁসছে ‘ডেথ ওভার স্পেশ্যালিস্ট’, প্রবল শক্তি বাড়ল নাইটদের

KKR News 2026: ফনায় বিষাক্ত ইয়র্কার, মহাসাগরে সুনামির মতো ফুঁসছে ‘ডেথ ওভার স্পেশ্যালিস্ট’, প্রবল শক্তি বাড়ল নাইটদের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়েই এবার কলকাতা নাইট রাইডার্সের আইপিএল অভিযান (IPL 2026) শুরু হচ্ছে। হাতে আর ঠিক ৯ দিন বাকি। আর তার আগেই বিরাট শক্তি বাড়ল কেকেআরের। দলের পেস ব্যাটারি অনেকটাই চার্জ হয়ে গেল রাতারাতি। চোট-আঘাতের কারণে শাহরুখ খানের (Shah Rukh Khan) ফ্র্যাঞ্চাইজির হয়ে আসন্ন আইপিএল খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল মাথিশা পাথিরানার (Matheesha Pathirana)। শ্রীলঙ্কার ২১ বছরের পেসারকে ১৮ কোটি টাকা খরচ করে নিলামে নিয়েছিল কেকেআর। তবে এবার ‘বেবি মালিঙ্গা’র অংশগ্রহণ নিয়ে যাবতীয় অনিশ্চয়তার মেঘ কেটে গেল। দ্বীপরাষ্ট্র থেকে মাথিশার নিশ্চিত সার্ভিসের বার্তা পেয়ে গেল তিনবারের চ্যাম্পিয়নরা।

পাথিরানার রিহ্যাব শেষ

পাথিরানার রিহ্যাব শেষ হয়েছে এবং আইপিএল খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছেন ‘ডেথ ওভার স্পেশ্যালিস্ট’। শ্রীলঙ্কা ক্রিকেটের সচিব বান্দুলা দিসানায়কে এমনটাই জানিয়েছেন সংবাদসংস্থা পিটিআই-কে। সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন পাথিরানা। এরপর টুর্নামেন্টের বাকি অংশে তাঁর আর মাঠে নামা হয়নি। ছিটকে যান বিশ্বকাপ থেকে। যদিও টুর্নামেন্ট থেকে কাপযুদ্ধের সহ-আয়োজক শ্রীলঙ্কা সুপার এইট পর্বেই বিদায় নিয়েছিল। বান্দুলা বলেছেন, ‘এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এটাই বলতে পারি যে, পাথিরানা এখন ফিট। ওকে আইপিএলে অংশ নেওয়ার এনওসি দেওয়া হয়েছে। ওর রিহ্যাব শেষ হয়েছে। যদিও তাঁর প্রস্তুতির পরখ করার দায়িত্ব থাকবে ফ্র্যাঞ্চাইজির উপরেই। এই মুহূর্তে এই বিষয়ে আমাদের কাছে কোনও তথ্য নেই। আমরা জানি যে, পাথিরানা সম্পূর্ণ ফিট এবং আইপিএলে যোগ দিতে প্রস্তুত।’

বাড়তি অক্সিজেন কেকেআরের

আইপিএলে অভিষেক হওয়ার পর থেকেই শ্রীলঙ্কার এই পেসার চেন্নাই সুপার কিংসের একজন বিশেষজ্ঞ টি-টোয়েন্টি বোলার হয়ে উঠেছিলেন। ২০২২ সালে তিনি প্রথম সিএসকে-র হয়ে খেলেছিলেন। ৩২ ম্যাচে ৪৭ট উইকেট নিয়েছেন হলুদ জার্সিতে। গত মরসুমে যদিও পাথিরানা সেরা ছন্দে ছিলেন না। ১২ ম্যাচে ৩২.৬২-এর গড়ে এবং ১০.১৪ ইকোনমি রেটে ১৩ উইকেট নিয়েছিলেন। পাথিরানারাকে পেয়ে যাওয়ায় কেকেআর বাড়তি অক্সিজেন পেয়ে গেল। কারণ চোটের কারণে দলের স্টার পেসার হর্ষিত রানা আসন্ন আইপিএলে খেলতে পারবে না বলেই ধরে নেওয়া হচ্ছে। ওদিকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে কেকেআর ছেড়ে দিয়েছে বিসিসিআইয়ের নির্দেশে ও ভারত-বাংলাদেশ সম্পর্কের কথা মাথায় রেখে। ফিজের বদলে জিম্বাবোয়ের ব্লেসিং মুজারাবানি এসেছেন টিমে। পাথিরানা চলে আসছেন। টিমে উমরান মালিক, বৈভব অরোরা, কার্তিক ত্যাগী ও আকাশ দীপের মতো পেসাররাও রয়েছেন।

(Feed Source: zeenews.com)