
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল সেনা বিমান। ১২৫ জন আরোহী নিয়ে ‘C-130 হারকিউলিস’ বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনায় অন্তত ৬৬ জন নিহত এবং আরও অনেকে গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটে সোমবার ভোরে কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে।
ইকুয়েডর ও পেরু সীমান্তের কাছে অবস্থিত পুয়ের্তো লেগুইজামো থেকে ওড়ার কিছুক্ষণ পরেই বিমানটি জঙ্গলের ওপর আছড়ে পড়ে। আগুন ও ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে যায়। দেশটির সামরিক সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে ৫৮ জন সেনা সদস্য, ৬ জন বিমান বাহিনীর কর্মী এবং ২ জন পুলিস কর্মকর্তা রয়েছেন।
পুতামায়ো অঞ্চলের গভর্নর জন গ্যাব্রিয়েল মলিনা জানিয়েছেন, দুর্গম এলাকা এবং বিমানবন্দরের আকার ছোট হওয়ায় আহতদের উদ্ধার ও মৃতদেহ সরিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ছে। এদিকে, স্থানীয় সরকারি সচিব কার্লোস ক্লারোস জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। নো মোতা নামে স্থানীয় এক কৃষক জানান, ‘আমি আকাশে বিকট শব্দ শুনতে পাই। তাকিয়ে দেখি বিমানটি আমার বাড়ির ওপর দিয়ে উড়ে গিয়ে ভেঙে পড়ে।’
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই ঘটনাকে একটি টভয়াবহ দুর্ঘটনাট হিসেবে বর্ণনা করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি একটি ভিডিয়ো শেয়ার করেন যেখানে বিমানটিকে উপরে ওঠার চেষ্টা করতে গিয়ে পড়ে যেতে দেখা যায়। তিনি দেশের সামরিক সরঞ্জাম আধুনিকীকরণের ওপর জোর দেন। এটি দক্ষিণ আমেরিকায় এক মাসের মধ্যে দ্বিতীয় হারকিউলিস বিমান দুর্ঘটনা। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি বলিভিয়ায় এই ধরণের একটি দুর্ঘটনায় ২৪ জন প্রাণ হারিয়েছিলেন।
প্রসঙ্গত, একদিন আগেই নিউ ইয়র্কেও ভয়ংকর বিমান দুর্ঘটনা ঘটে। রানওয়ের উপরই অবতরণের সময় ফায়ার ট্রাকের সঙ্গে বিমানের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ। ভয়াবহ সেই সংঘর্ষে ভেঙেচুরে, দুমড়েমুচড়ে গিয়েছে বিমানের সামনের অংশ। নিহত হয়েছেন ২ পাইলট-ই। ভয়ংকর এই দুর্ঘটনাটি ঘটেছে নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে।
এয়ার কানাডা এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে ফায়ার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। গত রবিবার গভীর রাতে নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরের রানওয়েতে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার জেরে নিহত হয়েছেন বিমানটির পাইলট ও কো-পাইলট, দুজনেই। সংঘর্ষে দুজন দমকলকর্মীও গুরুতর আহত হয়েছেন।
(Feed Source: zeenews.com)
