‘ইরানের অনুরোধে ১০ দিন হামলা বন্ধ রাখা হয়েছে’, দাবি ট্রাম্পের, প্রভাব পড়ল ভারতের শেয়ার বাজারেও

‘ইরানের অনুরোধে ১০ দিন হামলা বন্ধ রাখা হয়েছে’, দাবি ট্রাম্পের, প্রভাব পড়ল ভারতের শেয়ার বাজারেও
নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় যুদ্ধের ২৮ দিনেও সংঘাত থামার লক্ষণ নেই। ইরানের মিসাইল হানা তেল আভিভে। পাল্টা ইরানের উর্মিয়ায় জনবসতিতে হামলা ইজরায়েলের, বাসিন্দাদের প্রাণহানির আশঙ্কা। এবার ট্রাম্পের দাবি ওড়াল ইরান।

ইজরায়েলের মেরকাভায় FPV ড্রোন হামলা হিজবুল্লার। দক্ষিণ লেবাননে ইজরায়েলি সেনার উপরও হামলা হিজবুল্লার। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ১০ হাজার সেনা মোতায়েনের বিষয়টি বিবেচনা করছে আমেরিকা। আক্রমণ, পাল্টা আক্রমণের মধ্যে আমেরিকা বনাম ইরানের বাগ্যুদ্ধ অব্যাহত।’ইরানের অনুরোধে ১০ দিন তাদের পাওয়ার প্ল্যান্টে হামলা বন্ধ রাখা হয়েছে’। তৃতীয়বার ডেডলাইন দিয়ে দাবি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ‘মিথ্যা কথা বলছেন আমেরিকার প্রেসিডেন্ট, কোনও অনুরোধ করা হয়নি’, ট্রাম্পের দাবি উড়িয়ে পাল্টা দাবি ইরানের। আমেরিকার প্রেসিডেন্ট ১০ দিন হামলা থামানোর কথা বলায়, উজ্জীবিত ভারতের শেয়ার বাজার।

প্রসঙ্গত, ইরানকে দেওয়া ৪৮ ঘণ্টার হুঁশিয়ারির মধ্যেই ৫ দিনের সাময়িক ‘যুদ্ধ বিরতি’র ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। বললেন, ৫ দিনের জন্য হামলা বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন। যদিও ট্রাম্পের সব দাবি খারিজ করে দিয়েছে ইরান। এদিকে, সূত্রের খবর, আমেরিকা এবং ইরানের মধ্য়ে মধ্য়স্থতা করাতে পারেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এসপ্তাহেই বৈঠক হতে পারে ইসলামাবাদে।

হুঁশিয়ারি দিয়েও আংশিক পিছু হঠলেন ডোনাল্ড ট্রাম্প। ৪৮ ঘণ্টার মধ্যে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। সেই ডেডলাইন শেষ হওয়ার আগে, ৫ দিনের জন্য় হামলা থেকে বিরত থাকার কথা ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট। সেই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তাঁদের সঙ্গে ইরানের ভাল আলোচনা চলছে। যদিও ট্রাম্পের এই দাবি পত্রপাঠ খারিজ করে দিয়েছে ইরান। তবে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরই একধাক্কায় কমেছে অপরিশোধিত তেলের দাম।

একদিকে তেহরানের ওপর আমেরিকা ও ইজরায়েলের বাহিনীর হামলা চালাচ্ছে। অন্যদিকে, ইরানও প্রত্যাঘাত হানছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়ছে অপরিশোধিত তেলের দাম! এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প শনিবার হুঁশিয়ারি দিয়েছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে, ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো নিশ্চিহ্ন করে দেওয়া হবে। ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ডেডলাইন শেষ হত সোমবার! কিন্তু তাৎপর্যপূর্ণভাবে তার ঠিক আগেই সোশাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্প লেখেন,  আমেরিকা ও ইরানের মধ্যে খুব ভাল এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। তার ওপর ভিত্তি করে আমি প্রতিরক্ষা দফতরকে আগামী পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎকেন্দ্র এবং জ্বালানি পরিকাঠামোর ওপর হামলা বন্ধ রাখতে নির্দেশ দিয়েছি।

(Feed Source: abplive.com)