কেকেআর ম্যাচের আগেই মেজাজ হারালেন রোহিত শর্মা, ‘হিটম্যান’-র সঙ্গে কী এমন ঘটল?

কেকেআর ম্যাচের আগেই মেজাজ হারালেন রোহিত শর্মা, ‘হিটম্যান’-র সঙ্গে কী এমন ঘটল?
মুম্বই: আইপিএলের মহারণ (IPL 2026) শুরু হয়ে গিয়েছে। প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে দুরমুশ করে দুরন্ত জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স। রবিবাসরীয় সন্ধেতে ওয়াংখেড়েতে হবে এই ম্যাচ।

দুই শক্তিধর দল। দুই দলে রয়েছে প্রচুর তারকা, রয়েছে আইপিএল খেতাব জয়ের ইতিহাস, ঐতিহ্য। তাই এমন দুই দলের লড়াইয়ের দিকে স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীরা নজর রাখবেন। আর এই ম্যাচে অবশ্যই নজর থাকবে রোহিত শর্মার (Rohit Sharma) দিকে। কেকেআর ও মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি লড়াইয়ে সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহকের নাম রোহিত শর্মা। এখনও পর্যন্ত রোহিত নাইটদের বিরুদ্ধে মোট ৩৫টি ম্যাচ খেলেছেন। আর ৩৫ ইনিংসে রোহিতের ব্যাট থেকে এসেছে ১০৮৩ রান। গড় ৩৮.৬৭। ১২৭.৮৬ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন ‘হিটম্য়ান’।

নাইটদের বিরুদ্ধে ছয়টি অর্ধশতরান ও একটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ১০৯। এই তালিকায় রোহিতদের ওপরে আছেন শুধু ডেভিড ওয়ার্নার। প্রাক্তন অজি ওপেনার ১০৯৩ রান করেছেন শাহরুখের দলের বিরুদ্ধে। রোহিত কিন্তু রবিবারই ওয়ার্নারকে ছাপিয়ে যেতে পারেন। অবশ্য দুই মাস পরে মাঠে নামছেন তিনি। সেই কারণেই প্রিয় তারকাকে দেখতে অনেকেই আরও বেশি করে মুখিয়ে রয়েছেন। 

তবে প্রিয় প্রতিপক্ষ কেকেআরের বিরুদ্ধে মাঠে নামার আগেই মেজাজ হারালেন রোহিত, আর সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল। ঠিক কী ঘটেছে? ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে রোহিত নিজের দামি গাড়ির পিছনে দাঁড়িয়ে। বুট স্পেসে যে তাঁর কিটব্যাগ রয়েছে। সেই কিটব্যাগ নেওয়ার জন্যই গাড়ির বুট স্পেস খোলার অপেক্ষায় ছিলেন রোহিত। তবে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও, তা খোলেনি। সম্ভবত গাড়ির ড্রাইভারের ভুল বা কোনও যান্ত্রিক ত্রুটির কারণেই হয়তো সেটি জ্যাম হয়ে যায়। 

খানিকটা বিরক্ত হয়েই রোহিতকে বলতে শোনা যায়, ‘আরে খোলেনি, খোলনা ভাই’। সম্ভবত লম্বা সফর, অনুশীলন সব মিলিয়ে ক্লান্ত ছিলেন রোহিত এবং তারপরে হোটেলে ফিরেও তিনি কিটব্যাগ নিয়ে ঘরে ঢুকতে পারছিলেন না, সেই কারণেই হয়তো ক্ষণিকের জন্য মেজাজ হারিয়ে ফেলেছিলেন ‘হিটম্যান’।

(Feed Source: abplive.com)