
ব্যাট হাতে শুরুটা মন্দ করেননি। তবে শার্দুল ঠাকুরকে বড় শট মারতে গিয়েই বাউন্ডারি লাইনে ধরা দেন গ্রিন। এরপরে যখন রোহিত শর্মা, রায়ান রিকেলটন বৈভব আরোরা, কার্তিক ত্যাগীদের রীতিমতো শাসন করছেন, তখন অনেকেই আশা করছিলেন ম্য়াচে ফেরার লক্ষ্যে হয়তো কেকেআর দলের আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটারের হাতে বল তুলে দেবে। তবে তেমনটা আর হল কই! পল্টনদের বিরুদ্ধে ওয়াংখেড়েতে একটিও বল করলেন না গ্রিন।
কেন বোলিং করলেন না গ্রিন? জবাবে ক্রিকেট অস্ট্রেলিয়াকে কাঠগড়ায় তুললেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। ম্যাচের পুরস্কা বিতরণী অনুষ্ঠানে রাহানে জানান, ‘আশা করছি গ্রিন শীঘ্রই বোলিং করা শুরু করবে এবং তাতে আমাদের দলের ভারসাম্য একটু বদলাবে। আমরা ব্যাটটা ভালই করেছি, কিন্তু বোলিংয়ের সময় ওই ভারসাম্যটা খুবই প্রয়োজনীয়।’ গ্রিন কেন বল করলেন না তার জবাবে রাহানে খালি বলেন, ‘এই প্রশ্নটা আপনার ক্রিকেট অস্ট্রেলিয়াকে করা উচিত।’
রাহানের এই বক্তব্য থেকেই স্পষ্ট যে অস্ট্রেলিয়ান বোর্ড এখনও ক্যামেরন গ্রিনকে বোলিং করার ছাড়পত্র দেয়নি। গ্রিন সদ্যই চোট সারিয়ে উঠেছেন। অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডে তিনি যে ম্যাচ খেলেন, সেখানে ব্যাটে শতরান হাঁকালেও, সেখানেও তিনি বোলিং করেননি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বোলিং করলেন না। ফলে এটা স্পষ্ট তিনি এখনও বোলিং, ব্যাটিং, দুইই করার জন্য যথেষ্ট ফিট নন।
এই ম্যাচে আবার রাহানে ভাল ব্যাটিং করলেও, তিনি নিজে চোট পেয়ে মাঠ ছেড়ে কেকেআর সমর্থকদের উদ্বেগ বাড়ান। ঘটনাটি মুম্বইয়ের ব্যাটিং ইনিংসের পঞ্চম ওভার ঘটে। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তখন রায়ান রিকেলটন ও রোহিত শর্মা রীতিমতো ব্যাট হাতে ওয়াংখেড়েতে ঝড় তুলছেন। সেই সময়ই পায়ের পাতার চোটে মাঠে বসে পড়েন রাহানে। মাঠেই দলের ফিজিওরা প্রাথমিকভাবে নাইট অধিনায়কের শুশ্রুষা করেন। তারপরে অবশ্য় মাঠে থাকতে পারেননি রাহানে। মাঠ ছাড়েন তিনি। তাঁর অনুপস্থিততে সহ-অধিনায়ক রিঙ্কু সিংহ দলের দায়িত্ব সামলান।
নিজের চোট নিয়ে অবশ্য সকলকে আশ্বস্ত করেন রাহানে। তিনি জানালেন, ‘এখন আপাতত ঠিক লাগছে। তবে ভীষণ খিঁচ ধরেছিল পায়ে, বিশেষ করে কাফে। তবে আশা করি আমি ঠিক হয়ে যাব।’
প্রথম ম্যাচে বড় রান তুলেও হারতে হয়েছে কেকেআরকে। নাইটদের এরপর নাগাড়ে তিনটি হোম ম্য়াচ। ইডেন গার্ডেন্সকে দুর্গ বানিয়ে রাহানেরা জয়ে ফিরতে পারেন কি না, এবার সেটাই দেখার বিষয়।
(Feed Source: abplive.com)
