
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করা হচ্ছে। প্রশাসন ক্ষতিগ্রস্তদের সবরকমের সহায়তা দিতে চেষ্টা করছে। শুরু হয়েছে বিদ্যুৎসংযোগ পুনরুদ্ধারে কাজ। কোথায় এই বন্যা?
রাশিয়ায় ভয়াল বন্যা
রাশিয়া জুড়ে ভয়ংকর বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির জেরে হয়েছে বন্যাও। এই বৃষ্টিকে বলা হচ্ছে ডিভাসটেটিং! সবচেয়ে ভয়ংকর ক্ষতি হয়েছে মাখাচাকালা শহরের। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রজাতন্ত্র দাগেস্তান। তার রাজধানী এই মাখাচাকালা। সেখানেই প্রবল বৃষ্টির ফলে তৈরি হয়েছে ভয়াবহ বন্যা-পরিস্থিতি। সেই কারণে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থাও। ভয়াল এই প্রাকৃতিক বিপর্যয়ে পুরো অঞ্চল জুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বিভিন্ন পরিকাঠামোর মারাত্মক ক্ষতি হয়েছে।
জরুরি অবস্থা জারি
গত শনিবার থেকে এখানে শুরু হয়েছে প্রবল বর্ষণ। মাখাচাকালা শহর-সহ দাগেস্তানের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় স্থানীয় প্রশাসন জরুরি অবস্থা জারি করেছে। জরুরি পরিষেবাগুলিকে এখনও জারি রাখা হয়েছে।
বিদ্যুৎ বিপর্যয়
রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানাচ্ছে, প্রতিকূল আবহাওয়ার কারণে দাগেস্তানের প্রায় ২৮৩টি জনবসতি এলাকার ৩ লাখ ২৭ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। এর মধ্যে প্রায় ৯০ হাজার শিশু রয়েছে।
ক্ষয়ক্ষতি
বন্যার তোড়ে দাগেস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর খাসাভ্যুর্ত-এ (Khasavyurt) একটি রেলসেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তর ককেশাস রেলওয়ের খাসাভ্যুর্ত-কাদিয়ুর্ট সেকশনের সেতুর দুটি অংশ ধসে পড়েছে। এছাড়া অনেক রাস্তাঘাট ও বাড়িঘর জলের নীচে তলিয়ে গিয়েছে।
উদ্ধারকাজ
৩৩০০-র বেশি মানুষকে উপদ্রুত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধারকারী দলগুলি জলবন্দি মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে নৌকো ও অন্যান্য যানবাহন ব্যবহার করছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। প্রশাসন বিদ্যুৎসংযোগ পুনরুদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে।
(Feed Source: zeenews.com)
