
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চিকিৎসাবিজ্ঞানে যুগান্তর Big (Breaking in Cancer Treatment) এল? প্রায় তাই। কেননা, ক্যানসারের মতো এক দুরারোগ্য ও মারণ রোগের চিকিৎসায় এল নতুন যুগ! হাতে এল নতুন কার-টি সেল থেরাপি (CAR-T cell therapy)! ব্রেন ক্যানসারের (brain cancer) ভয়াল একটা ধরন হল– ‘গ্লিওব্লাস্টোমা’ (glioblastoma)। এর চিকিৎসায় বিরাট অগ্রগতি ঘটল।
উধাও টিউমার
নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন পত্রিকায় এই একটি স্টাডি প্রকাশিত হয়েছে। তাতেই জানা গেল যে, চিকিৎসা বিজ্ঞানে এই অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। অত্যন্ত ক্ষতিকর ধরনের মস্তিষ্কের ক্যানসার, এই ‘গ্লিওব্লাস্টোমা’র চিকিৎসায় নতুন CAR-T সেল থেরাপি প্রয়োগ করে অবিশ্বাস্য ফলাফল পাওয়া গিয়েছে। থেরাপিটি ব্যবহারের পর রোগীদের মস্তিষ্কের টিউমার প্রায় সম্পূর্ণ উধাও হয়ে যেতে দেখা গিয়েছে।

গ্লিওব্লাস্টোমা কী
কী এই গ্লিওব্লাস্টোমা? এটি মস্তিষ্কের এক ধরনের অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়া প্রাণঘাতী এক টিউমার। সাধারণ চিকিৎসায় এই রোগের হাত থেকে রেহাই পাওয়া খুবই কঠিন।
CAR-T সেল থেরাপি
তবে CAR-T সেল থেরাপি প্রয়োগ করে এই রোগ থেকে রেহাই মেলা সম্ভব। এই পদ্ধতিতে রোগীর নিজস্ব রোগ প্রতিরোধক কোষ বা T-cells সংগ্রহ করা হয়। ল্যাবরেটরিতে সেগুলিকে পরিবর্তন করে ক্যানসার কোষ শনাক্ত ও ধ্বংস করার ক্ষমতা দেওয়া হয় এবং পুনরায় তা রোগীর শরীরে প্রবেশ করানো হয়।
গবেষণার ফলাফল
ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের গবেষকরা জানিয়েছেন, মাত্র কয়েকদিনের মধ্যে টিউমারের আকার নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। একজনের ক্ষেত্রে মাত্র ৫ দিনের মাথায় টিউমারটি প্রায় মিলিয়ে গিয়েছে। গবেষকদের মতে, এটি ক্যানসার ইমিউনোথেরাপির ক্ষেত্রে নতুন দিগন্ত। যদিও এটি প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবুও এর কার্যকারিতা চিকিৎসকদের দারুণভাবে আশাবাদী করে তুলেছে।
(Feed Source: zeenews.com)
