Sanjiv Goenka IPL Ban: ‘ইমিডিয়েটলি ব্যান’, ৭০৯০ কোটিতে দল কিনে আইপিএলে নিষিদ্ধ হলেন গোয়েঙ্কা? বিসিসিআইকে খোদ মোদীর নিদান

Sanjiv Goenka IPL Ban: ‘ইমিডিয়েটলি ব্যান’, ৭০৯০ কোটিতে দল কিনে আইপিএলে নিষিদ্ধ হলেন গোয়েঙ্কা? বিসিসিআইকে খোদ মোদীর নিদান

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) কাছে ৬ উইকেটে হেরেই চলতি আইপিএল অভিযান (IPL 2026) শুরু করেছে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। বিগত দু’বছর লিগ টেবলে সাতে শেষ করা লখনউ শুধু ম্যাচই হারেনি, ফের একবার জড়িয়েছে বিতর্কে, তাও আবার সেই দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) কারণেই। এবার মোদীকে আইপিএল থেকে নিষিদ্ধ করার দাবি উঠল। ২০২১ সালে গোয়েঙ্কা ৭০৯০ কোটি টাকায় ১০ বছরের জন্য লখনউ অধিগ্রহণ করেছিলেন। প্রতি বছর ৭০৯ কোটি টাকা করে। তিনিই এবার নিষিদ্ধ হবেন আইপিএলে?

ঠিক কী নিয়ে বিতর্কের কেন্দ্রে গোয়েঙ্কা

১ মার্চ ২০২৬, গত বুধবারের ঘটনা। লখনউয়ের একনা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল লখনউ-দিল্লি। খেলার পর গোয়েঙ্কাকে দেখা গিয়েছিল ডাগআউটের সামনে। তিনি দলের অধিনায়ক ঋষভ পন্থ ও হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলছিলেন, গোয়েঙ্কার অভিব্যক্তি বুঝিয়ে দিয়েছিল যে, তিনি দলের এই পারফরম্যান্সে একদমই খুশি নন। অনেকেরই অনুমান তিনি হয়তো ভর্ৎসনাই করেছেন ঋষভকে। গোয়েঙ্কা-ঋষভদের কথোপকথনকে কেন্দ্র করেই এখন জোর চর্চা চলছে। ২০২৪ সালের স্মৃতি আজও আইপিএল ভক্তদের মনে টাটকা। তখন দলের অধিনায়ক ছিলেন কেএল রাহুল (KL Rahul)। মাঠে গোয়েঙ্কার সঙ্গে রাহুলের উত্তপ্ত বাদানুবাদের স্মৃতি কেউই হয়তো ভুলতে পারেননি। যা নিয়ে বিস্তর চর্চা হয়েছিল। ফের দু’বছরের মধ্য়ে প্রায় একই রকম ঘটনায় তুমুল শোরগোল পড়ে গিয়েছে।

ললিত মোদীর তোপ গোয়েঙ্কাকে

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন। তিনি গোয়েঙ্কার সমালোচনায় এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘টুর্নামেন্টের মাত্র এক ম্যাচের পরেই এর কোনও প্রয়োজন ছিল না।’ আর এবার ভনের এক্স বার্তা তুলে ধরেই আইপিএলের জনক মোদী লিখেছেন,’ আমি আপনাদের আগেই বলেছিলাম যে, লখনউয় সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা লোকটা একটা অপদার্থ এবং চরম ভাঁড়। আমি তাঁর আচরণে সত্যিই লজ্জিত। আমি আইপিএল তৈরি করেছিলাম ফ্যান এবং প্লেয়ারদের জন্য। প্রতি বছর এমনটা ঘটার জন্য নয়। আমি যদি এখনও আইপিএল চেয়ারম্যান এবং কমিশনার থাকতাম, তাহলে গোয়েঙ্কাকে ইমিডিয়েটলি ব্যান করতাম এবং দলের মালিকানা চিরতরে বাজেয়াপ্ত করতে বাধ্য করতাম। সে একটা আস্ত দাম্ভিক ভাঁড়। ফ্র্যাঞ্চাইজি চুক্তিতে ঠিক এই বিষয়টির জন্য একটি ধারা রয়েছে। বিসিসিআই তার প্রয়োগ করে সততাকে সবার উপরে রাখুক। ক্ষমতার কেন্দ্রে থাকা ব্যক্তিদের তোষামোদ করা গোয়েঙ্কাকে ছাড়া যায় না। ফ্যান এবং প্লেয়াররা এই ঘটনা মনে রাখবে।’ আইপিএলে কর ফাঁকি, অর্থ পাচার এবং প্রক্সি মালিকানার অভিযোগ রয়েছে মোদীর বিরুদ্ধে। ২০১০ সালে ভারত ছাড়েন প্রাক্তন আইপিএল চেয়ারম্যান। তবে এখন তিনি সুযোগ পেলেই এক্স হ্যান্ডলে আইপিএল নিয়ে তাঁর মতামত জানান।

(Feed Source: zeenews.com)