China Mediates Pakistan and Afghanistan: রক্তক্ষয়ী যুদ্ধ পেরিয়ে এবার আলোচনার টেবিলে পাকিস্তান ও আফগানিস্তান, রফাসূত্র খুঁজছে চিন

China Mediates Pakistan and Afghanistan: রক্তক্ষয়ী যুদ্ধ পেরিয়ে এবার আলোচনার টেবিলে পাকিস্তান ও আফগানিস্তান, রফাসূত্র খুঁজছে চিন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত কয়েক সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়ে অবশেষে আলোচনার টেবিলে বসেছে পাকিস্তান ও আফগানিস্তানের তালিবান সরকার। চিনের মধ্যস্থতায় শুরু হওয়া এই শান্তি প্রক্রিয়া বর্তমানে ইতিবাচকভাবে এগোচ্ছে বলে শুক্রবার জানিয়েছে বেজিং। পশ্চিম চিনের উরমুকি শহরে আয়োজিত এই দ্বিপাক্ষিক আলোচনাকে ঘিরে এশিয়ায় নতুন ভূ-রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং এদিন এক সংবাদ সম্মেলনে জানান, “পরামর্শ প্রক্রিয়াটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে বাস্তবায়িত হচ্ছে এবং তা ক্রমশ অগ্রসর হচ্ছে। পাকিস্তান ও আফগানিস্তান—উভয় দেশই চিনের মধ্যস্থতাকে স্বাগত জানিয়েছে এবং পুনরায় আলোচনায় বসতে রাজি হয়েছে।” এই প্রক্রিয়ায় সংবাদমাধ্যমের কভারেজসহ নির্দিষ্ট অপারেশনাল মোড বা পরিচালনার পদ্ধতি নিয়েও একটি ঐকমত্যে পৌঁছেছে তিন পক্ষ।

ফেব্রুয়ারি মাস থেকে দুই দেশের মধ্যে সংঘাত চরম আকার ধারণ করেছিল। পাকিস্তান অভিযোগ করে আসছিল যে, টিটিপি (তেহরিক-ই-তালিবান পাকিস্তান) জঙ্গিরা আফগানিস্তানে নিরাপদ আশ্রয় নিয়ে পাকিস্তানে নাশকতা চালাচ্ছে। অন্যদিকে, আফগানিস্তানের তালিবান সরকারের দাবি ছিল, পাকিস্তান কাবুলের বেসামরিক এলাকায় হামলা চালিয়ে নিরপরাধ মানুষের প্রাণ কাড়ছে। এই ক্রমবর্ধমান সংঘাত পাকিস্তান ও আফগানিস্তানকে ‘উন্মুক্ত যুদ্ধের’ মুখে দাঁড় করিয়ে দিয়েছিল।

তবে আলোচনার আবহেও পুরোপুরি থামেনি নাশকতা। বৃহস্পতিবার গভীর রাতে পাকিস্তানের বান্নু জেলায় একটি থানায় আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। এই ধরনের হামলা সত্ত্বেও দুই পক্ষই চীনের আহ্বানে সাড়া দিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানে চিনের প্রভাব ক্রমশ বেড়েছে। এখন দুই প্রতিবেশী দেশের যুদ্ধ থামিয়ে বেজিং নিজেকে দক্ষিণ এশিয়ার একজন শক্তিশালী অভিভাবক হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। পাকিস্তান ও আফগানিস্তান এখন চিনের এই উদ্যোগকে কতটা বাস্তবায়িত করে, সেটাই এখন বড় প্রশ্ন।

(Feed Source: zeenews.com)