)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পটনার ‘চাণক্য ন্যাশনাল ল ইউনিভার্সিটি’ (Chanakya Law University, Patna)-তে বক্তৃতা দেওয়ার সময় সুপ্রিম কোর্টের বিচারপতি বি.ভি. নাগরত্ন (Supreme Court judge Justice BV Nagarathna) কেন্দ্র-রাজ্য সম্পর্কের ক্ষেত্রে দলীয় রাজনীতির ঊর্ধ্বে ওঠার আহ্বান জানান। বিচারপতি বি.ভি. নাগরত্ন (Supreme Court judge Justice BV Nagarathna) কেন্দ্র-রাজ্য সম্পর্কের ভারসাম্য নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তাঁর মতে, ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অক্ষুণ্ণ রাখতে কেন্দ্রকে আরও উদার ও সহযোগিতামূলক মনোভাব গ্রহণ করতে হবে। ভোটবঙ্গের এই তপ্ত আবহে দাঁড়িয়ে এটা মনে হওয়া কি খুব অস্বাভাবিক যে, কেন্দ্র রাজ্য সম্পর্ক প্রসঙ্গে (Centre-State Relations) কথা বলতে গিয়ে কেন্দ্রের কিঞ্চিৎ সমালোচনাই যেন ধ্বনিত হল সুপ্রিম-বিতারপতির কণ্ঠে? খানিকটা কি রাজ্যগুলির পক্ষেই দাঁড়ালেন বিচারপতি নাগরত্ন? কেন্দ্রকে শেষ পর্যন্ত কী কী নির্দেশ বিচারপতি নাগরত্নের?
সহযোগিতা বনাম আধিপত্য
বিচারপতি নাগরত্ন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে, কেন্দ্রীয় সরকারের উচিত রাজ্যগুলিকে তাদের অধীনস্থ বা সাবর্ডিনেট (Subordinates) হিসেবে না দেখে সমমর্যাদার সহযোগী বা সমন্বয়কারী অর্থাৎ, কো-অর্ডিনেটর (Coordinates) হিসেবে বিবেচনা করা।

যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সুরক্ষা
সুপ্রিম কোর্টের বিচারপতি বি.ভি. নাগরত্ন জোর দিয়ে বলেছেন, ভারত কোনো এককেন্দ্রিক রাষ্ট্র নয়। সংবিধান অনুযায়ী রাজ্যগুলির নিজস্ব সত্তা ও স্বায়ত্তশাসন রয়েছে। কেন্দ্র যদি রাজ্যগুলিকে কেবল নির্দেশ পালনকারী একটা সত্তা হিসেবে গণ্য করে, তবে তা গণতন্ত্রের মূল ভিতকেই দুর্বল করে দেবে!
উন্নয়নে অংশীদারিত্ব
দেশের সামগ্রিক উন্নয়নের জন্য কেন্দ্র ও রাজ্যের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার পরিবেশ থাকা বাঞ্ছনীয় বলেও মনে করেন নাগরত্ন। রাজ্যগুলি যাতে কোনও রকম কুন্ঠাবোধ না করে স্বাধীনভাবে কাজ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব কেন্দ্রেরই।
সাংবিধানিক ভারসাম্য
বি.ভি. নাগরত্নের বক্তব্যে উঠে এসেছে ক্ষমতার বিকেন্দ্রীকরণের প্রসঙ্গও। তিনি জানান, তিনি মনে করেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণই ভারতের বৈচিত্র্যকে ধরে রাখার একমাত্র উপায়। কেন্দ্রকে ‘বড় দাদা’-সুলভ মানসিকতা পরিহার করে প্রকৃত অর্থেই যুক্তরাষ্ট্রীয় চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

‘চাণক্য ন্যাশনাল ল ইউনিভার্সিটি’-তে
পটনার চাণক্য ন্যাশনাল ল ইউনিভার্সিটি-তে একটি বক্তৃতা দেওয়ার সময় বিচারপতি নাগরত্ন এই কথা বলেন। সেখানেই কথাপ্রসঙ্গে কেন্দ্র-রাজ্য সম্পর্কের ক্ষেত্রে দলীয় রাজনীতির ঊর্ধ্বে ওঠার আহ্বান জানান তিনি। ল ইউনিভার্সিটিতে বক্তৃতা দেওয়ার সময় বিচারপতি নাগরত্ন কেন্দ্র-রাজ্য সম্পর্কের ক্ষেত্রে আড়াআড়ি দলীয় মতপার্থক্য সরিয়ে রাখার আহ্বান জানান। তিনি দৃঢ় ভাবে বলেন, শাসনব্যবস্থা বা সুশাসন কখনওই ‘কেন্দ্রে কোন দল ক্ষমতায় আছে আর রাজ্যে কোন দল শাসন করছে’—তার উপর ভিত্তি করে পরিচালিত হওয়া উচিত নয়।
(Feed Source: zeenews.com)
