
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কীভাবে? দায় কার? এই ধরণের নানাবিধ প্রশ্ন উঠে আসছে বার বার। তাই, রাহুলের মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে এবং জাস্টিস চেয়ে ৪ এপ্রিল, অর্থাৎ গত শনিবার প্রিয়ঙ্কার উপস্থিতিতে আর্টিস্ট ফোরামের তরফ থেকে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয় প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। তারপর তালসারি থানায় গিয়েও অভিযোগ দায়ের করেন প্রিয়ঙ্কা। এবার এই ঘটনার কারণে বড় পদক্ষেপ নিতে চলেছে ওড়িশা পুলিশ।
রাহুলের মৃত্যুতে ফের FIR, নোটিস পাঠাবে ওড়িশা পুলিশ। লীনা গঙ্গোপাধ্যায়-সহ ৫জনকে নোটিস পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। সূত্রের খবর, দিঘা পুলিশের কাছে দুর্ঘটনার মুহূর্তের ছবি চাইবে ওড়িশা পুলিশ। ‘ম্যাজিক মোমেন্টস ‘ প্রোডাকশন ইউনিটের ক্যামেরাবন্দি ছবি, সমুদ্রে ডুবে রাহুলের মৃত্যুর ফুটেজও চাইবে তারা।
কোন কোন ধারায় মামলা ?
রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে তাঁর স্ত্রী প্রিয়ঙ্কা সরকার যে অভিযোগ এনেছিলেন সেই অভিযোগের ভিত্তিতে এবার তদন্ত শুরু করবে ওড়িশা পুলিশ। মূলত তিনটে সেকশনে এই মামলা শুরু করা হয়েছে। BNS-এর ১০৬ এর ১ ধারা, ২৪০ ধারা এবং ৩(৫) ধারা। অর্থাৎ গাফিলতিতে মৃত্যু, মিথ্যে বয়ান ও সম্মিলিত অপরাধ। এই তিনটে ধারায় মামলা শুরু করা হয়েছে।
কাদের বিরুদ্ধে মামলা ?
মোট ৫ জনের বিরুদ্ধে এই নোটিশ জারি করবে ওড়িশা সরকার। ম্যাজিক মোমেন্ট প্রোডাকশন হাউসের বিরুদ্ধে করা হচ্ছে এই নোটিশ। লীনা গঙ্গোপাধ্যায় -সহ ৫জনের বিরুদ্ধে অভিযোগ। তাঁরা হলেন, লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায়, শুভাশিস মণ্ডল, শান্তনু নন্দী ও চন্দ্র শেখর চক্রবর্তী এই ৫ জনের বিরুদ্ধে FIR করা হয়েছে।
প্রিয়ঙ্কার মূল অভিযোগ কী ?
তালসারি থানায় প্রিয়ঙ্কার মূল অভিযোগ ছিল, এই মৃত্যুর জন্য সম্পূর্ণভাবে দায়ী প্রোডাকশন হাউস। কারণ –
১. এই প্রযোজনা সংস্থা বিনা অনুমতিতে শুটিং করছিল।
২. যে জায়গায় শুটিং হচ্ছিল সেই জায়গাটা শুটিং-এর জন্য উপযুক্ত নয়।
৩. তালসারিতে শুটিং করার জন্য কোনও সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়নি।
৪. স্থানীয় মানুষরা সতর্ক করার পরও প্রযোজনা সংস্থা শোনেনি।
স্থানীয়দের কথা না শুনে কেন শুটিং করা হচ্ছিল? না বলার পরও কেন সমুদ্রে নেমে শুটিং করা হচ্ছিল? কীভাবে মৃত্যু? এই সমস্ত বিষয় যাতে খতিয়ে দেখা হয় এবং তদন্ত হয়, এমনই আবেদন জানান প্রিয়ঙ্কা। তাঁর এই অভিযোগের ভিত্তিতেই FIR করে তদন্ত শুরু করেছে ওড়িশা পুলিশ।
(Feed Source: abplive.com)
