Bus-Pickup Van Clash: দুই বাইক আরোহীকে চাপা দিয়ে পিকআপ ভ্যানকে মারল বাস, ঘটনাস্থলেই নিহত ১৩

Bus-Pickup Van Clash: দুই বাইক আরোহীকে চাপা দিয়ে পিকআপ ভ্যানকে মারল বাস, ঘটনাস্থলেই নিহত ১৩

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিবার সন্ধেয়  বাস ও পিকআপ ভ্যানের ভয়ংকর সংঘর্ষে প্রাণ গেল অন্তত ১৩ জনেনর। ৩০ জনেরও বেশি মানুষ আহত। বিহারের কাটিহার জেলার ঘটনা। কোধা ব্লক এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। বাস ও পিক আপ ভ্য়ানের সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে মৃতদেহগুলো রাস্তার ওপর চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।

দুর্ঘটনায় পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে দলা পাকিয়ে যায়। বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়েই পুলিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিস সূত্রে খবর, প্রায় ২৫ জন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে যাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, তাদের উন্নত চিকিৎসার জন্য পূর্ণিয়ার সরকারি মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। কাটিহারের পুলিস সুপার শিখর চৌধুরী দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। একজন স্থানীয় পুলিস কর্মকর্তা পিটিআই (PTI)-কে জানিয়েছেন যে, দুর্ঘটনার সময় পিকআপ ভ্যানটির যাত্রীরা প্রতিবেশী জেলা পূর্ণিয়া থেকে আসছিলেন।

কীভাবে এমন দুর্ঘটনা? প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, দ্রুতগামী বাসটি প্রথমে দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এরপর সম্ভবত পালানোর চেষ্টা করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি পিকআপ ভ্যানটিকে গিয়ে মারে। এর জেরেই বড়সড় দুর্ঘটনা ঘটে য়ায়। শেষ খবর পাওয়া পর্যন্ত কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক রোগীদের পূর্ণিয়া সরকারি মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা ১৩ জনকে মৃত ঘোষণা করেন।

ওই দুর্ঘটনায় প্রতিটি মৃত ব্যক্তির পরিবারকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। দুর্ঘটনায় আহতদের প্রত্যেককে ৫০,০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে।

পুলিস এখনও দুর্ঘটনার সঠিক কারণ নিশ্চিত করতে পারেনি। তবে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে।

(Feed Source: zeenews.com)