
জি ২৩ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার আকাশে লকডাউন? স্তব্ধ হবে বিমান পরিষেবা? বিমান পরিষেবায় বড় ধরনের বিপর্যয় আসন্ন? কারণ জ্বালানি প্রায় শেষ। মাত্র ৬ সপ্তাহের উড়ান জ্বালানি আর মজুত আছে। এমনই ভয়াবহ সংকটের মুখে দাঁড়িয়ে ইউরোপ।
ইরান যুদ্ধের প্রেক্ষাপটে এবার স্তব্ধ হতে পারে বিমান পরিষেবা। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (IEA)-এর প্রধান সতর্ক করে বলেছেন, ইউরোপে মাত্র ছয় সপ্তাহের জেট ফুয়েল (ATF) মজুত রয়েছে। গ্রীষ্মকাল ইউরোপে মূলত ভ্রমণের মরশুম হওয়ায়, এই সময় জ্বালানি সংকট বিমান চলাচলে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ব্যাহত হতে পারে পরিষেবা। হতে পারে স্তব্ধও!
জেট ফুয়েলের মজুত কমছে
জেট ফুয়েলের মজুত দ্রুত কমছে। তাই যদি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ না হয়, আর হরমুজ দিয়ে তেলবাহী ট্যাঙ্কারগুলোর যাতায়াত বাধাপ্রাপ্ত হয়, তাহলে খুব শিগগিরই ইউরোপ বড় ধরনের সংকটের মুখে পড়তে চলেছে। বিমান উড়ানের ক্ষেত্রে জ্বালানির সংকট দেখা দিতে পারে। স্তব্ধ হতে পারে বিমান পরিষেবা।
ইউরোপ অন্যান্য পরিবহন জ্বালানির তুলনায় জেট ফুয়েলের জন্য-ই বেশি পরিমাণে আমদানির ওপর নির্ভরশীল। যার প্রায় ৭৫% আসে মধ্যপ্রাচ্য থেকে। ইউরোপ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত জেট ফুয়েলের সবচেয়ে বড় ভোক্তা। জলপথ দিয়ে ইউরোপের মোট জেট ফুয়েল আমদানির প্রায় ৪১% আসে। এই পরিস্থিতিতে তাই ইউরোপের আকাশে সিঁদুরে মেঘ।
বিকল্প উপায়
ইউরোপীয়ান ইউনিয়ন (EU) আসন্ন জ্বালানি সংকট মোকাবিলায় রিফাইনারিগুলোর উৎপাদন বাড়াতে পরিকল্পনা তৈরি করছে। EU জেট ফুয়েল সরবরাহ নিয়েও আলাদা পদক্ষেপ নিচ্ছে। যদিও সেগুলো এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। ইউরোপ জুড়ে জেট ফুয়েলের সরবরাহ সমান নয়। স্পেনে আটটি রিফাইনারি রয়েছে। অন্যদিকে ব্রিটেনের চাহিদার ৬০% এর বেশি আমদানির ওপর নির্ভরশীল। এখন দেখার কীভাবে ইউরোপ এই সংকট মোকাবিলা করে।
গ্রীষ্মকালীন ছুটিতে প্রভাব পড়ার আশঙ্কা
গ্রীষ্মকাল ইউরোপের এয়ারলাইন্সগুলোর জন্য সবচেয়ে ব্যস্ত ও লাভজনক সময়। ফলে আগামী সপ্তাহগুলোতে জেট ফুয়েলের চাহিদা আরও বাড়বে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য থেকে আমদানি বন্ধ হয়ে যাওয়া একটি বড় লজিস্টিক চ্যালেঞ্জ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, আফ্রিকা ও যুক্তরাষ্ট্র থেকে আমদানি এই ঘাটতি পুরোপুরি পূরণ করতে পারবে না। অনেক বিমানবন্দরে দীর্ঘমেয়াদি জ্বালানি মজুতও থাকে না। ফলে হরমুজ বন্ধ হলে ৩ সপ্তাহের মধ্যেই জ্বালানি সংকট দেখা দিতে পারে।
(Feed Source: zeenews.com)
